২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অর্ধেক ব্রিটিশ নারী

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে বা পড়াশোনার স্থলে অর্ধেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া এক-পঞ্চমাংশ পুরুষও এ পরিস্থিতির শিকার হচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 07:31 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বিবিসি’র এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

যৌন হয়রানির শিকার হয়েছেন এমন ৬৩ শতাংশ নারী এ বিষয়ে কাউকে কিছু বলেননি। আর ৭৯ শতাংশ পুরুষ এ বিষয়টি নিজেদের মধ্যেই রেখেছেন।

বিবিসি রেডিও ৫ লাইভ-এর হয়ে কমরেস জরিপ সংস্থা ২ হাজারেরও বেশি মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে।

মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই বিষেশত বিষয়টি নিয়ে এ জরিপ চালানো হয়।

অস্কারজয়ী প্রযোজক ওয়েনস্টেইনের বিরুদ্ধে হলিউডের বেশকিছু নায়িকা মুখ খুলেছেন। তাদের এ হেনস্তার কথা শুনে সাহসী হয়ে মুখ খুলেছেন আরও অনেকে। ‘মি টু’ হ্যাশট্যাগে নারী-পুরুষরা তাদের যৌন হেনস্তা হওয়ার কথা জানাচ্ছেন।

২ হাজার ৩১ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর পরিচালিত বিবিসি’র জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ জানিয়েছেন তারা কর্মক্ষেত্রে বা লেখাপড়ার জায়গাতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য শুনাসহ বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। 

জরিপে আরও দেখা গেছে, এক-চতুর্থাংশ মানুষ পরিহাসের শিকার হয়েছে বা তাদের নিয়ে অপ্রিয় কৌতুক করা হয়েছে। এছাড়া, সাতজনে একজন নোংরা স্পর্শের শিকার হয়েছে।  আর প্রতি ১০ জন নারীর একজন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

পুরুষদের তুলনায় নারীরাই বেশি তদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসদের কাছ থেকে হয়রানির শিকার হয়েছেন।  ৩০ শতাংশ নারী এমন পরিস্থিতিতে পড়েছেন। অন্যদিকে, পুরুষদের ১২ শতাংশ এমন হয়রানির শিকার হয়েছেন। আর ১০ জনে একজন নারী জানিয়েছেন, হয়রানির কারণে তাদেরকে পড়াশোনাস্থল বা কর্মসংস্থান ত্যাগ করতে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুরুষ জানান, তিনি তার নারী বসের কাছে হয়রানির শিকার হয়েছেন। তার চেহারা ও পোশাক নিয়ে মন্তব্য করেন বস। বুকের লোম নিয়েও তাকে কথা শুনতে হয়েছে। অন্য নারী সহকর্মীরা তখন এসব নিয়ে হাসাহাসি করেছে। এতে খুবই অস্বস্তিতে পড়েন তিনি।