২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফার্স্ট লেডি' খেতাব নিয়ে ইভানা-মেলানিয়ার ‘চুলোচুলি’

যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি’ কে? এ নিয়ে তুমুল ঝগড়া শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা ও বর্তমান স্ত্রী মেলানিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 08:58 PM

Updated : 12 Apr 2022, 12:30 AM

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার দাবি, প্রথম স্ত্রী হওয়ার সুবাদে ‘ফার্স্ট লেডি’ খেতাব তারই পাওয়া উচিত। আর ইভানার এ মন্তব্যেই বেজায় খেপেছেন ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

সোমবার এবিসি নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে নিজেকে ফার্স্ট লেডি দাবি করে বসেন ইভানা।

‘রেইজিং ট্রাম্প’ নামে নিজের স্মৃতিকথামূলক একটি  বইয়ের প্রচার উপলক্ষ্যে ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে গিয়েছিলেন ইভানা। সেখানেই তিনি বলেন, সাবেক স্বামী ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালই। প্রতি দু’সপ্তাহে এক বার কথা হয়।

হোয়াইট হাউজে যোগাযোগের জন্য তার একটি ‘ডিরেক্ট’ নম্বরও আছে বলে দাবি করেন ইভানা। তবে সে নম্বর তিনি ব্যবহার করেন না বলেও জানান।

এর পরেই হাসতে হাসতে ইভানা বলেন, ‘‘মেলানিয়া ওখানে আছে। আমি কোনও ঈর্ষার কারণ হতে চাই না। কারণ আমি ট্রাম্পের প্রথম স্ত্রী। আমিই তো ফার্স্ট লেডি, তাই না?’’

ইভানার এ কথার পরই খাপ্পা হয়ে এর প্রতিক্রিয়া জানান বর্তমান ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্প। প্রচার পাওয়ার চেষ্টায় ইভানা নিজের ঢাক পেটাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

মেলানিয়া তার যোগাযোগ পরিচালক স্টেফানি গ্রিশামের মাধ্যমে এক বিবৃতি দিয়ে এ প্রতিক্রিয়া জানান।

 গ্রিশামের বিবৃতিতে আরও বলা হয়, “মিসেস ট্রাম্প (মেলানিয়া) ব্যারন (মেলানিয়া-ট্রাম্পের ছেলে) আর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউজকে আপন করে নিয়েছেন। তিনি ওয়াশিংটনে থাকতে খুবই ভালোবাসেন। মার্কিন ফার্স্ট লেডি হিসাবে তিনিই সম্মান পান। তিনি শিশুদের সহায়তায় কাজ করে এ খেতাব সমুন্নত রেখেছেন, নিজের কোনও বই প্রচারের জন্য খেতাবকে কাজে লাগাননি।”