কাশ্মিরে ভারতীয় বিমান বাহিনীর দুই কমান্ডোসহ নিহত ৪
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের বান্দিপোরা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় বিমান বাহিনীর দুই কমান্ডো নিহত হয়েছেন।
বুধবার ভোরের এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় বিমান বাহিনীর ওই দুই কমান্ডো সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিল বলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।
বান্দিপোরার হাজিন গ্রামের একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের লুকিয়ে থাকার নিশ্চিত তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তারা নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলিবর্ষণে নিরাপত্তা বাহিনীও জবাব দেয়।
‘অভিযান অব্যাহত আছে’ বলে জানিয়েছেন বান্দিপোরার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শেখ জুলফিকার।
ভারতীয় বিমান বাহিনীর কমান্ডোরা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে অভিযানটিতে অংশ নিয়েছিল।
