২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনের নতুন এলাকায়ও ‘জাতিগত শুদ্ধি’র আশঙ্কা বাড়ছে

মুসলিমদের একঘরে করে রাখা, তাদের সঙ্গে লেনদেন করলে শাস্তির প্রচলনের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বৌদ্ধ অধ্যুষিত মধ্যাঞ্চলেও ‘জাতিগত শুদ্ধির’ আশঙ্কা বাড়ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Oct 2017, 11:18 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

রাখইনের গোলযোগপূর্ণ প্রত্যন্ত উত্তরপশ্চিমাঞ্চল থেকে সহিংসতা ওই নতুন এলাকায় ছড়িয়ে পড়ার  আশঙ্কা করা হচ্ছে।

রাখাইনের মধ্যাঞ্চলে প্রায় আড়াই লাখ মুসলিম বাস করে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদিবাসী রাখাইন ও বৌদ্ধরা মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন কমিটি গঠন করেছে এবং সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে যারা লেনদেন করছে তাদের জরিমানা থেকে শুরু করে মারধর এমনকি এলাকা থেকে বিতাড়িতও করছে।

‘রোহিঙ্গা মুসলিম বিদ্রোহীদের’কবল থেকে ‘রাখাইন সম্প্রদায়কে রক্ষা করতে’ এ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে জোর দাবি ওইসব কমিটিগুলোর নেতাদের।

ওই অঞ্চলের মুসলিমরা রয়টার্সকে বলেন, তাদের একঘরে করে রাখা হয়েছে এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় রসদও তারা পাচ্ছে না। যে কারণে তারা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।

গত কয়েক দিনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা নিয়ে নতুন এসব শরণার্থীর অভিযোগ, বৌদ্ধরা দল বেঁধে তাদের ওপর হামলা করছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোও বলছে, সেনাসদস্য ও স্থানীয় বৌদ্ধরা রীতিমত প্রচারণা চালিয়ে রোহিঙ্গাদের হত্যা করছে ও তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। যাতে তারা দেশ ছাড়তে বাধ্য হয়।

স্থানীয় প্রশাসন একচোখা আচরণ করছে বলেও অভিযোগ নতুন আসা এসব শরণার্থীর।

গত ২৪ অগাস্ট রাতে বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা চালানোর পর রাজ্যের পূর্বাঞ্চলের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে সেনা অভিযান শুরু হয়।

প্রাণ বাঁচাতে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে বর্ণনা করেছে।

রাখাইনের মধ্যাঞ্চলের শহর মাইবনের একজন বৌদ্ধ ভিক্ষু রয়টার্সকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকজনের একত্রে বসবাস সম্ভব নয়।”

“সরকার তাদের সঙ্গে সমঝোতায় আসতে পারছে না। যে কারণে আমরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, যাতে সংঘাত এড়ানো যায়।”

গত অগাস্টে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ’র হামলার পর থেকেই মাইবন শহর জুড়ে মাইকিং করা হয় এবং স্থানীয় ভিক্ষু ও রাখাইন সম্প্রদায়কে মুসলিমদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশ অমান্যকারী রাখাইন নারী সোয়ে চাই (৩৫) রয়টার্সকে বলেন, গত ১২ সেপ্টেম্বর মুসলিমদের স্থানীয় একটি বাজার থেকে পণ্য কেনার পর একদল লোক তাকে ঘিরে ধরে।

“তারা আমাকে মারধর করে, চুল কেটে এবং গলায় ‘রাষ্ট্রদ্রোহী’ লেখা বোর্ড ঝুলিয়ে পুরো শহর ঘোরায়।”একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বর্ণনা করেন রাখাইনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের উপ পরিচালক কিয়াউ সওয়ার তুন।

ঘটনাটি নিয়ে আদালতে মামলা চলছে এবং দুই নারী ও এক পুরুষের বিরুদ্ধে সোয়ে চাইকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্ত দুই নারী আরাকান উইমেন্স নেটওয়ার্ক ইন মাইবনের সদস্য।

এ বিষয়ে স্থানীয় সরকারের মুখপাত্র মিন আউং বলেন, মুসলিমদের সঙ্গে লেনদেন করলে বৌদ্ধদের শাস্তি দেওয়ার কোনও খবর তার কাছে নেই।

“আমার মনে হয় বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক আস্থার সম্পর্কের মাধ্যমে এই উত্তেজনা কমানো সম্ভব।”

“অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোতে ভিন্ন ভিন্ন সম্প্রদায় থেকে গঠন করা বিভিন্ন দল পারস্পরিক আস্থা অর্জনের জন্য কাজ করে। রাখাইনে এ ধরনের কোনও দল নেই।”

২০১২ সালে রাখাইনে বৌদ্ধ-মুসলিম দাঙ্গার পর প্রায় তিন হাজার মুসলিম মাইবনে একটি ক্যাম্পে আশ্রয় নেয়। বৌদ্ধ নেতারা ওই ক্যাম্পে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে বলে জানায় রয়টার্স।

তাদের বক্তব্য, সেখানে শুধু সরকার ত্রাণ বিতরণ করবে এবং তাও বৌদ্ধরা খতিয়ে দেখবে।

অশিন সারমানি নামের এক নেতা বলেন, “আমাদের ভয়, যদি আমরা বাঙালিদের জন্য এনজিও’র ত্রাণের নৌকাগুলো পরীক্ষা না করি তবে সেগুলোতে ত্রাণের নামে আগ্নেয়াস্ত্র সরবরাহ হতে পারে।”

বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা শরণার্থী বলে মনে করে এবং সেকারণে তাদের বাঙালি বলেই অভিহিত করে।