পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের ইঙ্গিত টেরিজা মে’র
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে তার পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে বরখাস্ত করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
‘দ্য সানডে টাইমস’ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে মে এ ইঙ্গিত দেন।
মে’র কয়েকজন মিত্র জনসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে টেক্কা দিয়ে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়ায় ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগ করেছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দৃশ্যত প্রধানমন্ত্রীর অনুগত হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখে কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারে জিজ্ঞেস করা হলে টেরিজা মে তাকে বরখাস্তের ইঙ্গিত দেন।
মে বলেন, তিনি তার মন্ত্রিসভায় নতুন মন্ত্রী নিয়োগ দিতে প্রস্তুত এবং যেসব মন্ত্রী তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তাদেরকে ছেঁটে ফেলতেও প্রস্তুত।
ব্রেক্সিট নিয়ে গত মাসে ফ্লোরেন্সে প্রধানন্ত্রী মে’র একটি গুরুত্বপূর্ণ বক্তৃতার পরপরই বরিস জনসন এ প্রক্রিয়া নিয়ে একটি পত্রিকায় তার নিজস্ব অবস্থান তুলে ধরেন।
দৃশ্যত জনসন প্রধানমন্ত্রীর অনুগত থাকলেও ব্রেক্সিট প্রক্রিয়ায় নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি মে’র অবস্থান ক্ষুন্ন করছেন বলেই মনে করছেন অনেক আইনপ্রণেতা।
