দোকলামে ফের সড়ক নির্মাণে চীন
দোকলামে সড়ক নির্মাণকে কেন্দ্র করে ভারত-চীন সীমান্ত উত্তেজনা প্রশমিত হতে না হতেই ফের সেখানে নতুন করে সড়ক নির্মাণ শুরু করেছে বেইজিং।
এনডিটিভি জানায়, পাঁচশ সেনা সদস্যের পাহারায় আগের স্থান থেকে ১০ কিলোমিটার দূরের একটি সড়ক বড়ানোর কাজ শুরু করেছে চীন সরকার।
ভুটান ও চীন দুই দেশই দোকলামকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে; ভারতের অবস্থান ভুটানের পক্ষে।
জুনের মাঝামাঝি দোকলামের সিকিম সীমান্তের কাছে সড়ক নির্মাণ শুরু করেছিল চীন; ওই এলাকায় ভারতীয় সীমান্তটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত।
সরু ওই সীমান্ত পথ দিয়েই উত্তরপূর্ব রাজ্যগুলোর সঙ্গে ভারতের অন্যান্য অংশের সড়ক যোগাযোগ রক্ষা হয়।
সেবার দোকলামে সড়ক নির্মাণ নিয়ে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নেয়। উভয় দেশের সেনারা পরষ্পরের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।
ভারতী কর্তৃপক্ষের দাবি, সেনা প্রত্যাহারের কিছুদিনের মধ্যেই চীন আগের স্থান থেকে ১০ কিলোমিটার উত্তরপূর্বে একটি সড়ক বাড়ানোর কাজ শুরু করেছে।
বুলডোজারসহ বিভিন্ন সড়ক নির্মাণ সামগ্রী নতুন নির্মাণস্থানে নিয়ে যাওয়া হয় বলেও দাবি দিল্লির।
এলাকাটি চীনের দখলে; ইয়াতুং নামে ওই শহরে প্রায় পাঁচশ সেনা সদস্য সড়ক নির্মাণ কাজ পাহারা দিচ্ছে বলেও দাবি তাদের।
জুনে দোকলামে সড়ক নির্মাণ শুরু হওয়ার পর ভারত চীনকে হুঁশিয়ার করে বলেছিল, চিকেনস নেকের কাছে কোনো ধরনের স্থাপনা নির্মাণে অনুমতি দেবে না তারা।
নতুন এই সড়কের কাজ নিয়েও দিল্লি বেইজিংকে সতর্ক করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
এই বিষয়ে চীনের বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে ভারত ও চীনের মধ্যে টানাপোড়েন চলছে।
দোকলাম ছাড়াও বিভিন্ন সময়ে সিকিম, কাশ্মির, অরুণাচল প্রদেশ সীমান্ত নিয়ে দিল্লি ও বেইজিংয় মুখোমুখি অবস্থান নিয়েছে।
চীন ঘোষিত ‘সিল্ক রুট’ যা এশিয়া ও ইউরোপের বাণিজ্যকে সংযুক্ত করবে তা নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ আছে।
