২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ১২

পাকিস্তানের বেলুচিস্তানে ঝল মাগসি এলাকার ফাতেহপুর দরগায় আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি ‘ডন নিউজ’কে একথা জানিয়েছেন।

মুসল্লিরা মাজারের দোয়া মাহফিলে সামিল হওয়ার সময়ই এ হামলা হয়। বৃহস্পতিবার দিনটিতে সাধারণত মাজারে মানুষের উপস্থিতি বেশি থাকে। সে কারণে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা হামলাটিকে আত্মঘাতী হামলা বলেই বর্ণনা করেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বলেছেন, মাজারের মূল প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারীকে আটকানো হয়। ওই ব্যক্তি মাজারে প্রবেশের চেষ্টাকালে রক্ষীরা তাকে আটকালে সে নিজেকে উড়িয়ে দেয়।

কর্মকর্তারা ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং আহতদেরকে ঝল মাগসির স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।