২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চীন’

ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চীন। দিন দিনই প্রচুর সংখ্যক পর্যটক চীন ভ্রমণ করছেন বলে দাবি করেছেন দেশটির এক পর্যটন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 08:16 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

নয়া দিল্লিতে চীন ন্যাশনাল টুরিজম অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা থিয়ান জিন সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, চীন ভারতীয় পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটিতে পরিণত হচ্ছে।

তিনি জানান, ২০১৪ সালে প্রায় সাত লাখ ১০ হাজার ভারতীয় পর্যটক চীন ভ্রমণ করেছেন। ২০১৩ সালের তুলনায় যা প্রায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।

২০১৫ সালে ওই সংখ্যা বেড়ে প্রায় সাত লাখ ৩০ হাজার হয়েছে এবং ২০১৬ সালের প্রথম নয় মাসে ছয় লাখের বেশি ভারতীয় পর্যটক চীনে গেছেন।

আঞ্চলিক আধিপত্য বিস্তার ছাড়াও সীমান্ত উত্তেজনা ও ভাষাগত বাধার কারণে চীন ও ভারতের নাগরিকরা সাধারনত একে অপরের দেশে ভ্রমণ করতেন না। সীমান্ত বিরোধ এবং অন্যান্য কন্টকাকীর্ণ বিষয়ের কারণে দুই দেশের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ২০১৫ সালে দুই দেশের সরকার মিলে পর্যটন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ‍অবস্থার উন্নতি হয়।

এর অংশ হিসেবে ২০১৫ সালে দিল্লির আয়োজনে বেইজিংয়ে ‘ভিজিট ইন্ডিয়া ইয়ার’ এর প্রচার শুরু হয়। পরে ভারতে ‘ভিজিট চীন ইয়ার’আয়োজন করে বেইজিং।

চীনের পর্যটন কর্মকর্তা থিয়ান বলেন, উভয় দেশ সেবার মান এবং ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য যৌথভাবে কাজ করছে। এছাড়া, পর্যটকদের সুবিধার্থে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সুবিধাও বাড়ানো হয়েছে।

“চীন এবং ভারত প্রতিবেশী দেশ, তাদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সিল্ক রোড দুই দেশকে আরও কাছাকাছি এনেছে। এখন পর্যটন দুই দেশের মধ্যে যোগাযোগের বড় উপায় হয়েছে।”