মস্কো সফরে গেলেন সৌদি বাদশা সালমান
প্রথমবারের মতো মস্কো সফরে গেলেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ।
তার এই সফরকালে বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারী দুই দেশ, সৌদি আরব ও রাশিয়ার মধ্যে জ্বালানি তেলের উৎপাদন এবং সিরিয়া ও ইরান বিষয়ে দুদেশের মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বাদশা সালমানের এই সফরে তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টসহ অনেকগুলো বিনিয়োগ চুক্তি হতে পারে এবং জ্বালানি প্রকল্পগুলোতে একশত কোটি ডলার বিনিয়োগের বিষয়টিও চূড়ান্ত হতে পারে।
সফরকালে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সালমান।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পড়ে যাওয়া রোধ করার প্রয়োজন থেকেই সৌদি আরব ও রাশিয়া পরস্পরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে শুরু করে। এখন সেই সম্পর্ক দ্রুত গভীর হয়ে উঠছে বলে সালমানের সফরে প্রতিফলিত হচ্ছে।
দুটি দেশই ২০১৮ সালের মার্চের শেষ পর্যন্ত তেলের উৎপাদন হ্রাস করার বিষয়ে ওপেক ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি সম্পাদনে সহায়তা করেছে, কিন্তু উভয়েই সিরিয়ার গৃহযুদ্ধে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিয়ে যাচ্ছে।
সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে মাঠে নেমেছে রাশিয়ার সেনা ও ইরানি বেসামরিক বাহিনীগুলো, অপরদিকে সৌদি আরব আসাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে।
এই কারণে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে; ওই অঞ্চলে ইরানের বাড়তে থাকা প্রভাবে শঙ্কিত হয়ে উঠছে সৌদি আরব।
বাদশা সালমানের সফর উপলক্ষ্যে মস্কোর বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থল পর্যন্ত বিলবোর্ড টাঙানো হয়েছে। এসব বিলবোর্ডে আরবী ও রুশ ভাষায় সালমানে স্বাগত জানানো হয়েছে।
সালমানের ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশার উত্তরাধিকারী যুবরাজ মনোনীত হওয়ার কিছুদিন আগে রাশিয়া সফর করেছিলেন।
“সৌদিরা চায় ইরানের বিষয়ে সহায়তা, আর রাশিয়া চায় বাণিজ্য ও বিনিয়োগ,” বলে মন্তব্য করেছেন ‘রাশিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক’ বিষয়ক এক পশ্চিমা বিশেষজ্ঞ।
