লাস ভেগাস হত্যাকাণ্ড: ‘আগ্রহের কেন্দ্রে’ প্যাডকের বান্ধবী
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড কী কারণে ঘটেছে তার কারণ খুঁজতে চলা তদন্তের মুখ এবার সন্দেহভাজন খুনি স্টিভেন প্যাডকের বান্ধবীর দিকে ঘুরেছে।
ফিলিপিন্সে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার নাগরিক মারিলু ডেনলি এখন তদন্ত কর্মকর্তাদের ‘আগ্রহের কেন্দ্রে’ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার রাতে অবসরপ্রাপ্ত অ্যাকাউনটেন্ট প্যাডক তার হোটেল কক্ষকে হত্যাকারীর আস্তানায় পরিণত করেছিলেন। হোটেলের সুউচ্চ ভবন থেকে সামনে চলা উন্মুক্ত কনসার্টে প্যাডক কেন নির্বিচারে গুলি চালিয়েছিলেন তার কারণ এখনো বের করা যায়নি।
৬৪ বছর বয়সী প্যাডকের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার নেভাদার মেসকিটের বাড়িতে বসবাস করে আসছিলেন ডেনলি; ঘটনার সময় তিনি টোকিওতে ছিলেন বলে ধারণা করা হলেও পরে ফিলিপিন্সেই তার খোঁজ মিলেছে।
ডেনলিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন।
স্টিভেন প্যাডক, যাকে লাস ভেগাসে গুলির ঘটনায় দায়ী করা হচ্ছে
মারিলু ডেনলি প্যাডকের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার মেসকিটের বাড়িতে বসবাস করে আসছিলেন। রয়টার্স
রোববারের ঘটনায় পুলিশ আর কাউকে সন্দেহ করছে না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে বলেন, গুলির ঘটনার আগে প্যাডক ফিলিপিন্সের একটি ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ ডলার পাঠিয়েছিলেন বলে তদন্ত কর্মকর্তারা খোঁজ পেয়েছেন।
ওই টাকা ডেনলিকেই পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, টাকাটা এমনভাবে পাঠানো হয়েছে যাতে মনে হচ্ছে- ডেনলিকে জীবন বীমার কিস্তি পাঠিয়েছেন প্যাডক।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় ‘ক্যাসিনো প্রফেশনাল’ লেখা ডেনলি, তার মা এবং নানীকে জিজ্ঞাসাবাদে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা আগ্রহী বলে জানিয়েছে রয়টার্স।
রোববারের ভয়াবহ তাণ্ডবের আগে প্যাডকই ডেনলিকে যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহ যুগিয়েছিলেন কি না, তা জানতে চান তদন্ত কর্মকর্তারা।
লাস ভেগাসের ম্যান্ডালে বে ক্যাসিনোর পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্টে ৩২ তলা থেকে গুলি চালানোর আগে প্যাডক হয়তো অন্য কোথাও তার পরিকল্পনা নিয়ে অনুশীলন করেছিলেন, তদন্তে এই সংক্রান্ত প্রমাণ মিলছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
তদন্তে ওই ঘটনার বিস্তৃত এবং প্যাডকের অস্ত্রাগার বিষয়ক নতুন নতুন তথ্যও পাওয়া যাচ্ছে।
পুলিশ বলছে, আত্মহত্যার আগে প্যাডক ৯ থেকে ১১ মিনিট টানা উন্মুক্ত কনসার্টের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত কাছাকাছি পৌঁছেছে এটা বুঝতে হোটেল কক্ষের ভেতরে-বাইরে ক্যামেরাও বসিয়েছিলেন তিনি।
এর মধ্যে দুটি ক্যামেরা হলওয়েতে ছিল বলে জানিয়েছে বিবিসি, অন্য একটি ছিল দরজার ফুটোয়।
তদন্ত কর্মকর্তারা হোটেল কক্ষ, প্যাডকের মেসকিটের বাড়ি ও রেনোর একটি স্থাপনা থেকে ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল টোবাকো অ্যান্ড ফায়রার্মসের স্পেশাল এজেন্ট জিল স্নাইডার।
বন্দুক. শটগান এবং পিস্তলগুলো কেনা হয়েছে নেভাদা, উটাহ, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্যাডকের মৃতদেহের ছবির সত্যতাও স্বীকার করেছে পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত বুলেটের খোসার পাশে মেঝেতে পড়ে থাকা প্যাডকের ছবিটি কী করে গণমাধ্যমে গেলো তা নিয়ে অভ্যন্তরীণ তদন্তেরও ঘোষণা দিয়েছে তারা।
রোববারের ঘটনার পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, কনসার্ট চলার মধ্যেই হঠাৎ স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির আওয়াজ শুরু হলে গান থেমে যায়। গান শুনতে আসা প্রায় ২০ হাজার দর্শক খোলা জায়গায় মাথা নিচু করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
কয়েক সেকেন্ড বিরতির পর আবার গুলির শব্দ শুরু হয়; সেই সঙ্গে শুরু হয় আতঙ্কিত মানুষের ছুটোছুটি আর চিৎকার।
ওই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছে রয়টার্স। পুলিশ মঙ্গলবার প্যাডককে ছাড়াই ঘটনার দিন ৫৯ জন নিহত হয়েছে জানালেও ময়নাতদন্তকারী দপ্তর বন্দুকধারীসহই নিহতের সংখ্যা ৫৯ বলছে।
পাঁচশর বেশি মানুষ আহত হন, এদের মধ্যে কেবল ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারেই ২০ জন ভর্তি আছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা।
কর্তব্যরত ছিলেন না এমন একাধিক দমকলকর্মী কনসার্টে আহতদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফায়ার ফাইটার্স জানিয়েছে।
