সংকট নিরসনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় কাতালুনিয়া
পুলিশের বাধা উপেক্ষা করে স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর স্পেন সরকারের সঙ্গে সৃষ্ট সংকট নিরসনে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছেন কাতালুনিয়ার নেতা।
সোমবার এক সংবাদ সম্মেলনে নেতা কার্লেস পুজদেমন বলেন, “এটি অভ্যন্তরীন বিষয় নয়। আমাদের এখন নিশ্চিতভাবেই মধ্যস্থতা প্রয়োজন।”
রোববার স্পেনীয় পুলিশের ব্যাপক বাধা সত্বেও স্বায়ত্তশাসিত কাতালুনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নেয় কাতালানবাসীরা। কাতালান কর্মকর্তারা জানিয়েছেন, ৪২দশমিক তিন শতাংশ ভোট পড়েছে এবং ভোটারদের ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন।
স্পেনের সাংবিধানিক আদালত স্বাধীনতার প্রশ্নে কাতালুনিয়ার গণভোটকে অসাংবিধানিক ঘোষণা করার পর ভোট বন্ধ করার পদক্ষেপ নিয়েছিল স্পেন সরকার। গণভোটবন্ধের চেষ্টায় পুলিশের শক্তি প্রয়োগে সৃষ্ট সহিংসতায় ৭৬১ জন আহত হয়।
আর এখন স্বাধীনতার পক্ষে ভোটের ফল প্রকাশের পর দেশটিতে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। স্পেনে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকট।
এতে করে দেশটিতে র্দীঘ মেয়াদে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে গুরুতর বিভাজন দেখা দেওয়ার পাশাপাশি দেশটির অর্থনৈতিক অগ্রগতিতেও হুমকি সৃষ্টি হয়েছে।
কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট গণভোটের ফল অনুযায়ী একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলে সংকট আরও ঘনীভূত হতে পারে।
তবে কাতালুনিয়ার নেতা বলেছেন, “আমরা দুঃখজনক বিচ্ছিন্নতা চাই না... স্পেনের সঙ্গে নতুন একটি বোঝাপড়া চাই।”
