২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাস ভেগাসে হামলার দায় স্বীকার আইএসের

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস; যেখানে কনসার্টে গুলিতে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে, আহত হয়েছে চার শতাধিক মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

লাস ভেগাসের একটি ক্যাসিনো থেকে উন্মুক্ত কনসার্টের ওপর নির্বিচারে চালানো গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার ছুটির রাতে মান্দালয় বে ক্যাসিনোর পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট চলাকালে এ গুলির ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ‘ম্যাস শুটিং’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, ওই ক্যাসিনোর ৩২ তলায় সন্দেহভাজন একজন আত্মহত্যা করেছেন। স্টিফেন প্যাডক নামের ৬৪ বছর বসয়সী ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে  ধারণা পুলিশের।

আইএস তাদের বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে এবং প্যাডক কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে দাবি করেছে। তবে এর কোনো প্রমাণ তারা দেয়নি।

ওদিকে, পুলিশও প্রাথমিক খবরে প্যাডকের সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকার ব্যাপারে কোনও ধারণা দিতে পারেনি। প্যাডকের হামলার উদ্দেশ্য বা তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও পুলিশ কিছু জানাতে পারেনি। তবে সে সমস্যাগ্রস্ত ছিল বলে জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্যাডক লাস ভেগাসের ৬০ মাইল উত্তর-পূর্বের ছোট্ট শহর মেসকুইট থেকে এসেছিলেন এবং ২৮ সেপ্টেম্বর থেকে একটি হোটেলে ছিলেন।

প্যাডকের সঙ্গী হিসাবে মারিলু ডেনলি নামের যে নারীকে প্রাথমিকভাবে খোঁজা হচ্ছিল তিনি হামলার সময় দেশের বাইরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্যাডক ওই নারীর পরিচয়পত্র ব্যবহার করেছিলেন বলেই ধারণা পুলিশের।

নিহত প্যাডক একজন স্থানীয় বাসিন্দা জানিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মান্দালয় বে ক্যাসিনোর ৩২ তলা থেকেই পাশের খোলা জায়গায় কনসার্টে জড়ো হওয়া মানুষের ওপর অস্ত্রের গুলি চালানো হয়।

পুরনো খবর:

কনসার্টে নির্বিচারে গুলি, লাস ভেগাসে নিহত অর্ধ শতাধিক