২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের কুর্দিস্তানে ইরানের জ্বালানি বাণিজ্য নিষেধাজ্ঞা

ইরাকের কুর্দিস্তানে জ্বালানি আমদানি ও রপ্তানি উভয়ক্ষেত্রেই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 06:44 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

স্বাধীনতা প্রশ্নে কুর্দিস্তানে গণভোটের জবাব দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার জানায় ইরানের গণমাধ্যম।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব অনলাইন সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তাসনিম বার্তা সংস্থায় যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশের একটি অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, গত ২৭ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন সংস্থা ও পরিবহন সমিতিতে ওই নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, “পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশের সব পরিবহন কোম্পানি ও গাড়ি চালকদের ইরান ও ইরাকের কুর্দিস্তানের মধ্যে সব ধরনের জ্বালানি পণ্য পরিবহন বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি হতে হবে।”

গত সোমবার কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি কুর্দি নেতাদের।

কুর্দিস্তান গণভোটের ঘোর বিরোধী ছিল ইরান। ইরান সরকারের আশঙ্কা ওই গণভোট ইরানি কুর্দিদেরও বিচ্ছিন্নতার পথে ধাবিত করবে।

ইরান প্রধানত স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তরল গ্যাস রপ্তানি করে। কুর্দিস্তানে ইরানই প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ।

প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার পর অটোমান সাম্রাজ্যের বিশাল অংশ দখল করে নিয়েছিল ব্রিটেন ও ফ্রান্স। তারা চলে যাওয়ার পর কুর্দিরাই সবচেয়ে বড় নৃগোষ্ঠী যাদের কোনও রাষ্ট্র ছাড়াই রেখে যাওয়া হয়েছিল। প্রায় তিন কোটি কুর্দিদের অঞ্চলটি বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাষ্ট্রের অংশ করে দেওয়া হয়।

এদের মধ্যে ইরাক, ইরান, তুরস্ক ও সিরিয়াতেই সবচেয়ে বেশি কুর্দি অঞ্চল পড়েছে।

পুরনো খবর:

হুমকি উপেক্ষা করে স্বাধীনতা নিয়ে গণভোটে ইরাকি কুর্দিরা