২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্রের বহুল প্রয়োগ করেছে সিরীয় বাহিনী: জাতিসংঘ

সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনী দুই ডজনেরও বেশি বার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। জাতিসংঘ যুদ্ধাপরাধ তদন্তকারীরা একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 08:24 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

এপ্রিলে খান শেইখুনে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র হামলাসহ অন্য স্থানেও হামলা চালানো হয়েছে বলে বুধবার জানিয়েছেন তারা।

সিরিয়া বিষয়ক জাতিসংঘ তদন্ত কমিশন বলেছে, সরকারি যুদ্ধবিমান থেকে ইদলিব প্রদেশের শহরে সারিন গ্যাস হামলা চালানো হয়েছে। 

খান শেইখুনে চালানো হামলাও সারিন গ্যাস ছিল বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) সত্যানুসন্ধান মিশন ঘটনাটি খতিয়ে দেখে যে উপসংহার টেনেছে তাতে এ হামলার জন্য কে দায়ী তা উল্লেখ করেনি।

সিরিয়া বাহিনীর চালানো রাসায়নিক হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “সরকারি বাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলাটি সিরিয়া বাহিনী চালিয়েছে খান শেইখুন এবং ইদলিবে। ওই হামলায় নারী ও শিশুসহ বহু সংখ্যক মানুষ মারা গেছে।”

২০১১ সাল থেকে এখন পর্যন্ত তদন্তকারীদের দেওয়া ১৪ তম প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই সময় থেকে এ পর্যন্ত মোট ৩৩ টি রাসায়নিক অস্ত্র হামলা নথিভুক্ত করতে পেরেছেন তারা।

এর মধ্যে ২৭ টি হামলাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার চালিয়েছে। ১ মার্চ থেকে ৭ জুলাইয়ের মধ্যে চালানো হয়েছে ৭ টি হামলা।

আসাদ সরকার বরাবরই রাসায়নিক অস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে। খান শেইখুন শহরের হামলা সম্পর্কে তারা বলেছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অস্ত্রগুদামে হামলা থেকে রাসায়নিক ছড়িয়েছে।