উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর জাতিসংঘ পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।
নিউ ইয়র্কে জাতিসংঘের জরুরি বৈঠকে হ্যালি অনেক বেশি দেরী হয়ে যাওয়ার আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার ওই আহ্বান জানান।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিয়োজিত দেশগুলোও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্খায় সহায়তা করছে।
উত্তর কোরিয়ার আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর তোড়জোড় করছে বলে কয়েকটি খবরে আভাস দেওয়া হয়েছে।
হ্যালি বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উ্ন তার কর্মকান্ডের মাধ্যমে যুদ্ধের পথে হাঁটারই অভিলাষ দেখাচ্ছেন।
যুক্তরাষ্ট্র কখনও যুদ্ধ চায় না জানিয়ে হ্যালি বলেন, “আমরা এখন যুদ্ধ চাইছি না। তবে আমাদের দেশের ধৈর্য্যও অসীম নয়।”
কেবলমাত্র কঠোর নিষেধাজ্ঞাই এ সমস্যা কূটনৈতিক পন্থায় সমাধান করতে সবার জন্য সহায়ক হবে বলে হ্যালি মন্তব্য করেন।
