যুক্তরাষ্ট্রে ৩ কূটনৈতিক স্থাপনা খালি করল রাশিয়া
যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে শনিবরের মধ্যেই সান ফ্রান্সিসকোর কনস্যুলেটসহ অন্য দুটি অ্যানেক্স ভবন খালি করেছে রাশিয়া।
কূটনৈতিক এসব স্থাপনার সব জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে কর্মীদের। কনস্যুলেট ভবনে ‘ক্লোজড’ লেখা সাইনবোর্ডও দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, রাশিয়া সরকার নির্দেশ মেনে শনিবারের মধ্যেই কূটনৈতিক স্থাপনার কাজ বন্ধ করেছে।
তবে কূটনৈতিক স্থাপনা বন্ধ হলেও কোনও কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্রদপ্তর। এক কর্মকর্তা বলেছেন, “রাশিয়া কেবল এই ভবনগুলো আর কূটনৈতিক কোনও কাজ বা কাউন্সেলরের কাজে ব্যবহার করতে পারবে না।”
যুক্তরাষ্ট্র সরকার গত ৩১ অগাস্ট সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেটসহ ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি বর্ধিত কার্যালয় গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনতে ভ্লাদিমির পুতিন সরকারের নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর রাশিয়া তার প্রতিক্রিয়ায় মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল।
আর এখন কূটনৈতিক স্থাপনা গুটিয়ে নেওয়ার জবাবে রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলে এরই মধ্যে আভাস দিয়েছে।
