২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নতুন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানোর আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 02:50 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানালেও ঠিক কত সেনা পাঠানো হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

একে আফগানিস্তানে দীর্ঘ লড়াইয়ের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালেবান ও অন্যান্য ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে চলা এই লড়াইয়ে এখন পর্যন্ত দুই হাজার ৩০০ মার্কিন সেনা নিহত এবং ১৭ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের যাত্রা শুরুর পর থেকেই মার্কিন গণমাধ্যমগুলো আফগানিস্তানে নতুন সেনা পাঠানো নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিরোধের কথা জানিয়েছিল। সর্বশেষ এ মাসের শুরুতে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও ক্রিয়াশীল ভূমিকার প্রস্তাব অনুমোদিত হয়।

“হ্যাঁ, আমি স্বাক্ষর করেছি, যদিও এটি পূর্ণাঙ্গ নয়। অন্যভাবে বললে আমি কিছু বাহিনী পাঠানোর আদেশে স্বাক্ষর করেছি, কাদেরকে পাঠানো হবে তা এখন ঠিক করা হচ্ছে,” সাংবাদিকদের বলেন ম্যাটিস।

আগামী সপ্তাহে কংগ্রেসে শুনানির আগে কত সেনা পাঠানো হচ্ছে তা জানাতে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।

তবে কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে আরও চার হাজার সেনা পাঠানোর এখতিয়ার ম্যাটিসকে দিয়ে রেখেছেন ট্রাম্প।

কয়েকদিনের মধ্যেই নতুন সেনারা আফগানিস্তানে রওনা হবেন বলেও জানিয়েছেন ম্যাটিস।

আফগান নীতি নিয়ে কয়েক মাসের পর্যালোচনা শেষে গত সপ্তাহে ট্রাম্প অনেক বছর ধরে চলা এই যুদ্ধের ‘দ্রুত ইতি টানার’ প্রতিশ্রুতি দেন।

দেশটিতে এখনও ১১ হাজারের মতো মার্কিন সেনা আছে বলে বুধবার জানিয়েছে পেন্টাগন। এই সংখ্যা এর আগে দেওয়া হিসাবের চেয়ে হাজারখানেক বেশি।

নতুন পাঠানো সেনাদের হাত ধরেই আফগানিস্তানে ট্রাম্পের নির্দেশাবলীর বাস্তবায়ন শুরু হবে, বলেন ম্যাটিস।

বিশাল বহরের ব্যয়ভার নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে ২০১১ সাল থেকে আফগানিস্তান থেকে সেনা ফেরত আনা শুরু করে যুক্তরাষ্ট্র। তার আগে সেখানে প্রায় লাখখানেক সেনা সদস্য ছিল।

বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, কিছু সংখ্যক সৈন্য বৃদ্ধির এ সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন না তারা। কেননা এই বহর সেখানকার নিরাপত্তা বা শৃঙ্খলা বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকাই রাখতে পারবে না।

সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও নাজুক হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, আফগান সরকার দেশটির ৬০ শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম।