সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ করছে ইরান: নেতানিয়াহু
সিরিয়া ও লেবাননে ইরান ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর দাবি, ইসরায়েলকে ধ্বংস করার যে ঘোষণা ইরান দিয়েছে তা পূরণের লক্ষ্যে তারা সিরিয়াকে সামরিক অনুপ্রবেশের একটি ঘাঁটি বানাতে চায়।
সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে ইরান। লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের পাশেও আছে দেশটি।
যদিও ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ঠিক কোথায় হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি নেতানিয়াহু।
তবে তিনি জোর দিয়ে বলেন, “ইসরায়েল কোনো ভাবেই এ ধরনের কিছু মেনে নেবে না।”
সিরিয়ার বিরোধীপন্থি একটি পত্রিকা দেশটির উত্তর-পশ্চিমে ইরানের পরিচালনায় একটি ক্ষেপণাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরুর খবর প্রকাশ করেছে।
দুই সপ্তাহ আগে ইসরায়েলের ভূউপগ্রহ কোম্পানি ‘ইমেজস্যাট ইন্টারন্যাশনাল’ কয়েকটি ছবি প্রকাশ করে পত্রিকাটির খবর সত্যি বলে দাবি করে।
ইমেজস্যাট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর বানিয়াসের কাছে ওয়াদি জাহান্নামে ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণের কাজ চলছে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
