২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় হার্ভি: হিউস্টনে বিপর্যয়কর বন্যা

ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া হার্ভির প্রভাবে ভারি বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। হিউস্টন ও এর আশেপাশের এলাকা থেকে ২ হাজার জনকে উদ্ধার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Aug 2017, 01:12 AM

Updated : 12 Apr 2022, 12:14 AM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হিউস্টনের পুরো পৌর এলাকা জুড়ে বন্যা সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। নজিরবিহীন পরিস্থিতি বিরাজ করছে বলে সতর্ক করেছে তারা।

এরই মধ্যে প্লাবিত এলাকাগুলো থেকে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় টেক্সাসের হিউস্টন ও গালভেস্টনে ৬১ দশমিক ২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনডব্লিউএস’র পূর্বাভাসে বলা হয়, “হিউস্টনে বন্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। টেক্সাসের দক্ষিণ-পূর্ব এলাকার অন্যান্য অঞ্চলেও বন্যা হওয়ার জোর আশঙ্কা করা হচ্ছে।”

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে শুক্রবার রাতে টেক্সাস অঙ্গরাজ্যে আঘাত হানে হার্ভি।

ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি টেক্সাস উপকূল অতিক্রম করে যুক্তরাষ্ট্রের প্রধান খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প এলাকায় তাণ্ডব চালায়। তবে ধীরে ধীরে শক্তিক্ষয় হয়ে এটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।

ঝড় ও বন্যায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও দুই জন মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানায় রয়টার্স।

তাদের মধ্যে রকপোর্ট এলাকায় শুক্রবার ঝড়ের সময় বাড়িতে আগুন লেগে একজন মারা যায়।

পরদিন হিউস্টনে বন্যার পানিতে ডুবে যাওয়া একটি সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আরেক নারীর মৃত্যু হয়।

ঘুর্ণিঝড়ের কারণে টেক্সাস জুড়ে প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানায় দেশটির কোস্টগার্ড।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট শনিবার জানিয়েছেন, অঙ্গরাজ্যটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আবর্জনা ও ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য তিনি সামরিক বাহিনীর এক হাজার ৮০০ সদস্যকে মোতায়েন করছেন এবং আরো এক হাজার লোক তল্লাশি ও উদ্ধার অভিযানে নিয়োজিত থাকবে।