২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে জঙ্গি হামলায় ৮ পুলিশ নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি পুলিশ ক্যাম্পে জঙ্গি হামলায় আট পুলিশ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 06:41 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে বলে জানায় এনডিটিভি।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার কাশ্মিরের পুলওয়ামা শহরের জেলা পুলিশ ক্যাম্পে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়।

তারা গ্রেনেড ছোড়ে এবং এলোপাতাড়ি গুলি চালায়।

জঙ্গিদের হটিয়ে দিয়ে ক্যাম্পের আবাসিক ভবনগুলোর বাসিন্দাদের উদ্ধারে সেখানে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ দল অভিযান চালায় বলে রয়টার্সকে জানান লেফ্টেন্যান্ট জেনারেল জে এস সিন্ধু।

কয়েক ঘণ্টার বন্দুক যুদ্ধের পর বিকালে পুলিশের গুলিতে এক জঙ্গি নিহত হয়; কিছুক্ষণ পর আরও এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায় সেনা কর্তৃপক্ষ।

আপাতত গোলাগুলি বন্ধ আছে, তৃতীয় জঙ্গির মৃতদেহ শিগগিরই উদ্ধার করা সম্ভব বলে জানান এক সেনা কর্মকর্তা।

নিহত নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে সিআরপিএফের চারজন, জাম্মু ও কাশ্মির পুলিশের এক কনস্টেবল এবং স্পেশাল পুলিশের তিন কর্মকর্তা রয়েছেন।

চার সিআরপিএফ সদস্যের মধ্যে দুই জন অভিযান শেষে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মারা যান।

গত বছর ১৮ সেপ্টেম্বরের পর এটাই ভারতের নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে বড় হামলা।

সেবার সশস্ত্র জঙ্গিরা লাইন অব কন্ট্রোলে (এলওসি) একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ১৮ সেনাকে হত্যা করে।