২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা চালাচালির পর ট্রাম্প-ম্যাককনেলের গলাগলি

কয়েক সপ্তাহের বিবাদের পর পরস্পরকে সহযোগিতার ভিত্তিতে এগোনোর পর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 12:53 AM

Updated : 12 Apr 2022, 12:13 AM

হেলথকেয়ার বিল পাসে ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে সিনেট লিডারের প্রতি ট্রাম্পের বার বার বাক আক্রমণের প্রেক্ষাপটে দুই রিপাবলিকানের সম্পর্কের অবনতি হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বুধবার হোয়াইট হাউজ ও ম্যাককনেল বিবৃতি পাঠান।  

মধ্যবিত্তের কর ছাড়, সামরিক বাহিনীকে শক্তিশালীকরণ, সীমান্ত দেওয়াল নির্মাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সহ অভিন্ন লক্ষ্য অর্জনে ট্রাম্প ও ম্যাককনেল ‘একই অবস্থানে’ আছেন বলে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে।

অগাস্ট অবকাশের পর তারা পূর্ব নির্ধারিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন বলেও এতে বলা হয়।

অপরদিকে এক বিবৃতিতে ম্যাককনেল বলেছেন, “প্রেসিডেন্ট ও আমি এবং আমাদের টিমগুলো আমাদের অভিন্ন লক্ষ্য নিয়ে নিয়মিত যোগাযোগের মধ্যে আছি।”

ম্যাককনেল ও ট্রাম্প রাজনৈতিক ‘স্নায়ুযুদ্ধে’ জড়িয়ে পড়েছেন বলে মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, গত ৯ অগাস্ট নিউ জার্সিতে নিজের গলফ ক্লাব থেকে ম্যাককনেলকে ফোন করে হেলথকেয়ার বিল আটকে থাকার জন্য তাকে দায়ী করেন। এমনকি ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত থেকে তার রক্ষা না পাওয়ার জন্যও ম্যাককনেলকে কথা শোনান তিনি।

এরপর টুইটারেও একের পর এক সমালোচনার জবাবে ম্যাককনেল বলেন, কংগ্রেসের কাছ থেকে ‘অতিরিক্ত আশা’ করছেন প্রেসিডেন্ট।

আসছে গ্রীষ্মে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে ট্রাম্প প্রশাসন চালিয়ে যেতে পারবেন কি না তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়।