আরও শক্তিশালী আইসিবিএম তৈরির ইঙ্গিত উ. কোরিয়ার
নতুন একটি রকেট নকশার পরোক্ষো ছবি দেখিয়ে উত্তর কোরিয়া তাদের আগের পরিক্ষীত যে কোনও ক্ষেপণাস্ত্রের চেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নিয়ে কাজ করার বার্তা পাঠিয়েছে।
অস্ত্র বিশেষজ্ঞরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তারা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র গড়ে তোলা হলে তা ওয়াশিংটন এবং নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গত বুধবার দিনশেষে একটি ছবি প্রকাশ করেছে। এতে নেতা কিম জং উনকে হোয়াসং-১৩ নামের তিন-ধাপ বিশিষ্ট একটি রকেটের ডায়াগ্রামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির ক্লু পাওয়ার জন্য এ ধরনের ছবি সতর্কতার সঙ্গে পরীক্ষাকারী ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, রকেটটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এমন কোনও ইঙ্গিত নেই।
কোনও ক্ষেত্রেই এটির উড়ান পরীক্ষা করা হয় নি এবং এটির সম্ভাব্য পাল্লাও হিসাব করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে তারা বলছেন, তিন-ধাপের এ রকেট জুলাইয়ে দুই সময়ে পরীক্ষিত দুই-ধাপের হোয়াসং-১৪ আইসিবিএম এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, দ্বি-ধাপ হোয়াসং-১৪ রকেটটির পাল্লা প্রায় ১০ হাজার কিলোমিটার। এটি যুক্তরাষ্ট্রের বহু জায়গাতেই আঘাত হানতে পারে। তবে পূর্ব উপকূলে নয়।
দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউটের সামরিক বিশেষজ্ঞ কিম ডং-ইয়ুব বলেন, “ তিন-ধাপের ‘হোয়াসং-১৩’ ১২ হাজার কিলোমিটার পাল্লা শ্রেণীর আইসিবিএম হবে বলে আমরা ধরে নিতে পারি, যেটি যুক্তরাষ্ট্রের যে কোনও জায়গাতেই আঘাত হানতে সক্ষম হবে।”
১১ হাজার কিলোমিটার পাল্লা ছাড়ালেই উত্তর কোরিয়ার যে কোনও স্থান থেকে ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক সেই ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে চলে আসবে।
উত্তর কোরিয়ার আগের ক্ষেপণাস্ত্রটি ৯ থেকে ১০ হাজার কিলোমিটার পাল্লার। এবার তারা যেটি তৈরি করছে সেটি আরও বেশি পাল্লার হবে এবং বেশি দূর যেতে পারবে সে বার্তাই উত্তর কোরিয়া দিয়েছে বলে জানান দক্ষিণ কোরিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ মুন-সাং-মাক।
