২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাতক ভ্যান চালককে হন্যে হয়ে খুঁজছে স্পেন-পুলিশ

বার্সেলোনায় জঙ্গি হামলার ঘটনায় ঘাতক ভ্যানের চালক মরক্কোর নাগরিক ২২ বছর বয়সী ইউনেস আবুইয়াকুবকে হন্যে হয়ে খুঁজছে স্পেনের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2017, 06:46 PM

Updated : 11 Oct 2022, 02:24 PM

পুরনো খবর:

বার্সেলোনা হামলা: সন্দেহভাজন চালককে ধরতে অভিযান
রক্তাক্ত স্পেনে দ্বিতীয় হামলার চেষ্টা নস্যাৎ
সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বার্সেলোনা

বার্সেলোনায় হামলার সঙ্গে ১২ জন জড়িত ছিল এমন ধারণার ওপর ভিত্তি করে তদন্ত করছে কাতালান পুলিশ।

ঘাতক ভ্যানের চালক আবুইয়াকুবই ছিল বলে পুলিশ ধারণা করছে এবং তার ফ্রান্সে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও নাকচ করেননি কাতালান পুলিশ প্রধান লুইস ট্রাপেরো।

বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে এমন সম্ভাবনা নাকচও করা যাচ্ছে না।”

কাতালান পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ বলেছে, হামলাকারী সেলে ‘মোট ১২ সদস্য ছিল' এমনটা অনুমান করে পুলিশ তদন্তে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, “ওই ১২ জনের মধ্যে ১১ জনের পরিচয় সনাক্ত হয়েছে এবং তাদের প্রায় সবাই রিপোল থেকে এসেছে।”

“তাদের মধ্যে পাঁচজন ক্যামব্রিলসে পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; মুসা অওকবির (১৭), মোহাম্মদ হিশামি (২৩), সাঈদ আল্লা (১৯)।”

স্পেনের দৈনিক এল পাইসে আরও দুই জনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের একজন মোহাম্মদ হিশামির ভাই ওমর হিশামি এবং অন্যজন পালিয়ে যাওয়া সন্দেহভাজন ভ্যানচালক ইউনেস আবুইয়াকুবের পরিবারের সদস্য হুসাইন আবুইয়াকুব।

রোববার স্থানীয় একটি বেতারে দেওয়া সাক্ষাৎকারে কাতালান পুলিশের মুখপাত্র অ্যালবার্ট অলিভার বলেন, ইউনেস আবুইয়াকুবকে ধরতে চিরুনি তল্লাশি অভিযান চলছে।

বৃহস্পতিবার বিকালে বার্সেলোনার ‘লা রামব্লা’ রাস্তায় ভ্যান নিয়ে চালানো হামলায় ১৩ জন নিহত হয়। এরপরে শুক্রবার ভোরে স্পেনের আরেক শহর কামব্রিলসে গাড়ি হামলায় এক নারী নিহত হন। এ ঘটনার পর পুলিশ পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

বৃহস্পতিবারের হামলার পর চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন দ্রিস অওকবির, ‍যিনি মুসা অওকবিরের ভাই। দ্রিসের কাগজপত্রই লা রামব্লা হামলায় ব্যবহৃত ভ্যানে পাওয়া গেছে।

দ্রিসের দাবি, তার ভাই তার ভ্যানটি চুরি করেছে।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এদের প্রায় সবাই রিপোলে কাছাকাছি ভবনে থাকত।

এদিকে, শুক্রবার রাতভর এবং শনিবার রিপোল মসজিদের ইমাম আব্দেলবাকি এ সেতির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, আব্দেলবাকিই হামলাকারী এই সেলের প্রধান ছিলেন এবং লা রামব্লায় হামলার কয়েকঘণ্টা আগে আলকানার একটি বাড়িতে বিস্ফোরণে যে দুই জন (বা একজন) মারা গেছেন তাদের একজন তিনি।

ওই বাড়িতেই হামলা পরিকল্পনা হয় বলেও বিশ্বাস পুলিশের। মাত্র মাস খানেক আগে রিপোল ছেড়ে আলকানায় গিয়েছিলেন আব্দেলবাকি।