২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইন টাওয়ার হামলায় নিহত আরেকজনের পরিচয় শনাক্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পর ওই ঘটনায় নিহত আরেকজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 12:33 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

সোমবার নিউ ইয়র্ক শহরের প্রধান মেডিকেল এক্সামিনার এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় মোট ২,৭৫৩ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ১,৬৪১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত সর্বশেষ শনাক্তকৃতের পরিচয় উদঘাটন করা হয়েছে। শনাক্তকৃত ১,৬৪১তম এই ব্যক্তিটি একজন পুরুষ। তবে পরিবারের অনুরোধের কারণে তার পরিচয় প্রকাশের বিষয়টি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।  

এর দুই বছর আগে ২০১৫ সালের মার্চে নিহতদের মধ্যে ১,৬৪০তম জনের পরিচয় শনাক্তের কথা ঘোষণা করা হয়েছিল। 

ওই সন্ত্রাসী হামলার ১৬ বছর পর এখনও ১,১১২ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

ঘটনার দিন ছিনতাই করা মোট চারটি যাত্রীবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। দুটি উড়োজাহাজ নিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবনে আঘাত হানা হয়, এতে শতাধিক তলাবিশিষ্ট ওই ভবন দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

অপর একটি উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর ভবন পেন্টাগনের ওপর হামলা চালানো হয়, এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে; আর অপর উড়োজাহাজটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।

এ তিনটি ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়।