২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: হুমকি উত্তর কোরিয়ার

পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবনায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 07:10 PM

Updated : 25 Jul 2022, 09:02 PM

একইসঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র কোনও সামরিক পদক্ষেপ নিলে এর জবাবে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি প্রয়োগ করে ‘চরম শিক্ষা’ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে।

জুলাইয়ে দুইটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর কোরিয়ার উপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ সংস্থা কেসিএনএ নিউ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, “জাতিসংঘের নিষেধাজ্ঞা আমাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”

নতুন এই বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার রপ্তানি আয় একতৃতীয়াংশ কমে যাবে।

নিষেধাজ্ঞার কড়া জাবাবে সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা তাদের পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রাখবে।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, “যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে সেখানে পিয়ংইয়ং কখনওই আত্মরক্ষার জন্য নিজেদের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আলোচনার টেবিলে রাখবে না।”

“যুক্তরাষ্ট্রকে তাদের অপরাধের জন্য হাজার গুণ বেশি মূল্য দিতে হবে।”

ওদিকে, ‘কপটতার’ কথা বলে দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

ফিলিপিন্সের ম্যানিলায় চলমান আসিয়ান সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইং হো কে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বন্ধের বিষয়ে কথা বলার প্রস্তাব দিয়েছিলেন।

ক্যাং এর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপ জানায়, খুব সম্ভবত জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার জের ধরে রি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেন।

“আমি তাকে বলেছিলাম আমাদের আলোচনা হওয়া জরুরি এবং দ্রুত এ আলোচনা হওয়া উচিত। আমি তাকে সব ধরনের রাজনৈতিক বিষয় পাশে রেখে ইতিবাচকভাবে সাড়া দিতে বলেছিলাম।”

এ বিষয়ে সোমবার চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, উত্তর কোরিয়া দক্ষিণের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রস্তাব এখনও সম্পূর্ণ বাতিল করে দেয়নি।”

“চীন দক্ষিণ কোরিয়ার এ উদ্যোগকে সমর্থন করছে।”