২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজের প্রস্তাবে ব্রিটিশ মডেলকে অপহরণ, বিক্রির চেষ্টা

ফটোশ্যুটের কথা বলে ইতালিতে ডেকে নেওয়া এক ব্রিটিশ নারী মডেলকে অপহরণের পর অনলাইনে নিলামে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 08:48 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

ইতালির পুলিশ জানায়, নিজের মডেলিং এজেন্সির মাধ্যমেই বিজ্ঞাপনের জন্য ছবি তোলার প্রস্তাব পেয়ে মিলানে গিয়েছিলেন ২০ বছরের ওই নারী মডেল।

মিলানে পৌঁছানোর পর ছবি তোলার জন্য তাকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লুকাস হারবা নামের এক ব্যক্তি ও তার সহযোগী ইনজেকশনের মাধ্যমে ‘কেটামিন’ নামে একটি চেতনানাশক ওষুধ প্রয়োগ করে।

অজ্ঞান হয়ে যাওয়ার পর হারবা ও তার সহযোগী ওই নারী মডেলকে নগ্ন করে তার ছবি তোলে।

এরপর তারা মুখ বেঁধে ওই নারীকে একটি সুটকেসে ভরে মিলান থেকে ১২০ মাইল দূরে নির্জন একটি বাড়িতে নিয়ে যায়।

ভুয়া কাগজপত্র দেখিয়ে বাড়িটি ভাড়া করা হয়েছিল বলেও জানায় পুলিশ।

ইতালির কৌঁসুলি দেশটির পুলিশ বাহিনীর ওয়েবসাইটে বলেন, “ভাবা যায়! যদি তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে তবে কি হত?”

ওই তরুণীকে একটি কক্ষে ছয়দিন বেঁধে রাখা হয়েছিল।

বেশিরভাগ সময় অজ্ঞান অবস্থায় তার নগ্ন ছবি তুলে অনলাইনে নারীদের নিলাম করা হয় এমন একটি গোপন ওয়েবসাইটে পোস্ট করা হয়।

নিলামে তার প্রাথমিক দাম হাঁকা হয় তিল লাখ ৫৩ হাজার মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন।

এমনকি হারবা ওই তরুণীর এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও তিন লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে; নতুবা তাকে নিলামে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, পরে অপহরণকারীরা ওই তরুণীর দুই বছর বয়সী সন্তান আছে জানার পর তাকে ছেড়ে দেয়।

ইতালির একটি পত্রিকা জানায়, ওই তরুণীকে ছেড়ে দেওয়া হলেও মুখ খুললে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। তাকে ৫০ হাজার মার্কিন ডলার বিটকয়েন দেওয়া হয়েছে মর্মে একটি চুক্তিনামায়ও সাক্ষর করানো হয়।

তবে ওই তরুণী মুখ বন্ধ রাখেননি। তার অভিযোগের ভিত্তিতে হারবাকে গ্রেপ্তার করা হয়েছে।

হারবা নিজের দোষ স্বীকার করেছেন বলেও জানা গেছে।

পুলিশ জানায়, আরও অনেক তরুণী এই চক্রের শিকার হতে পারে। কারণ, হারবা’র ফোন ও কম্পিউটার তল্লাশি করে অন্যান্য নারীদের ছবি পাওয়া গেছে।

এমনকি ব্রিটিশ ওই মডেলের লন্ডনে থাকা অবস্থার কয়েকটি ছবিও পাওয়া গেছে।

পোল্যান্ডের নাগরিক ৩০ বছর বয়সী হারবা অন্তত কিছু সময়ের জন্য হলেও যুক্তরাজ্যে বসবাস করেছেন বলে ধারণা ইতালির পুলিশের।

অপহরণ ও অবৈধভাবে আটকে রাখার অভিযোগে তাকে মিলান আদালতে উপস্থাপন করা হয়েছে।