২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের নতুন জনসংযোগ প্রধান হতে পারেন স্টেফেন মিলার

বরখাস্ত অ্যান্থনি স্কারামুচির স্থলে হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টেফেন মিলারকে দেখা যেতে পরে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2017, 07:57 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

ট্রাম্পের সহযোগী ও ভাষণলেখক স্টেফেন মিলার কট্টর অভিবাসন বিরোধী।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার একথা জানিয়েছে।

দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় গত সপ্তাহে ওয়াল স্ট্রিটের সাবেক অর্থ যোগানদাতা স্কারামুচিকে বরখাস্ত করেন ট্রাম্প।

দায়িত্ব নেওয়ার পরপরই টেলিফোনে এক সাংবাদিককে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েছিলেন স্কারামুচি।

এই স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করেই হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রাইনস প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসারকে পদ হারাতে হয়। শেষ পর্যন্ত স্কারামুচি নিজেও টিকতে পারলেন না।

প্রিবাসকে সরিয়ে দিয়ে অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।

তবে মিলার ছাড়া জনসংযোগ পরিচালকের পদে পছন্দের প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় আর কে কে আছেন সে সম্পর্কে কিছু জানাননি কেলি।

যদিও স্থানীয় একটি সংবাদ সংস্থার শনিবারের খবরে বলা হয়, মিলারের অবস্থান তালিকার শীর্ষে নয়।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসের গণমাধ্যম কৌশল ঢেলে সাজাতে মার্চে অভিজ্ঞ রিপাবলিকান কৌশলবিদ মাইক ডাবকিকে জনসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু নিয়োগ পাওয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করেন ডাবকি।