মেক্সিকোকে দেয়াল নিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ট্রাম্প
মেক্সিকো সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণের খরচ না দেওয়ার কথা প্রকাশ্যে বলে না বেড়ানোর জন্য দেশটির প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ২৭ জানুয়ারির এক ফোন কলে তাকে দেয়ালের খরচ নিয়ে বিরোধিতা করে কথা বলা বন্ধ রাখতে বলেছিলেন ট্রাম্প।
তাদের কথপোকথনের অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ৭ দিন পর ফোনটি করেন। এতে একজন বিদেশি প্রেসিডেন্টের সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত কথাবার্তার একটি বিরল চিত্র উঠে এসেছে।
ওই ফোন কলে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মধ্যে দেয়ালের বিষয়টি নিয়েও কথা বলেন।
ট্রাম্প মেক্সিকোকে দেয়ালের খরচ দেওয়া নিয়ে জোরাজুরি করেছিলেন। ওদিকে, মেক্সিকোর প্রেসিডেন্টও প্রকাশ্যেই খরচ দেবেন না বলে সাফ জানিয়েছিলেন।
ফোন কলে ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে দেয়ালের খরচ নিয়ে প্রকাশ্যে বিরেধিতা করতে নিষেধ করে দেন। তিনি বলেন, “আপনি একথা প্রেস কে বলতে পারেন না।”
“পত্রিকা জগত এটি নিয়ে হৈ চৈ করবে আর আমি তা সইতে পারব না। আপনি এটি প্রেসকে বলতে পারেন না। কারণ, ওরকম পরিস্থিতিতে আমি আলোচনায় বসতে পারব না।”
মেক্সিকোর প্রেসিডেন্টকে একথা বলার মধ্য দিয়ে ট্রাম্প আসলে বোঝাতে চাইছিলেন যে, মেক্সিকো কর্তৃপক্ষ এবং তিনি দেয়ালের খরচ নিয়ে আলোচনা চালাবেন- একথাটিই তিনি জনস্মুখে বলতে চান।
একই দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গেও ট্রাম্প ফোনে কথা বলেন। তার কথপোকথনের সেই অনুলিপিও প্রকাশ হয়েছে। টার্নবুলের সঙ্গেও ট্রাম্পের ফোনালাপটি ছিল নজিরবিহীন।
শরণার্থী নেওয়ার একটি চুক্তিকে কেন্দ্র করে বিরোধে ট্রাম্প রাগ করে মাঝপথেই ধমক দিয়ে টার্নবুলের ফোন কেটে দিয়েছিলেন।
