একনায়কদের কারণেই এশিয়ার সব দেশ উন্নতি করেছে: মুশাররফ
কেবল পাকিস্তানই নয়, এশিয়ার যে কোনও দেশই প্রকৃত উন্নতি সাধন করেছে একনায়কের শাসনের সময়টিতেই। এমনইটি মনে করেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফ।
বুধবার বিবিসি উর্দুর সঙ্গে এক সাক্ষাৎকারে মুশাররফ একথা বলেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জেনারেল জিয়াউল হকেরও প্রশংসা করেন তিনি। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা এ খবর দিয়েছে।
সাক্ষাৎকারে মুশাররফ বলেছেন, সামরিক শাসন দেশকে সবসময় সঠিক পথে ফিরিয়ে এনেছে। অথচ বেসামরিক সরকার সবসময়ই দেশকে বিপথে পরিচালিত করেছে।
“একনায়কেরা দেশকে সঠিক পথে চালিত করেছে। আর বেসামরিক সরকার দেশকে নিয়ে গেছে ধ্বংসের পথে। পাকিস্তানে সামরিক শাসন সবসময়ই উন্নতি ডেকে এনেছে।”
পাকিস্তান স্বাধীন দেশ হওয়ার পর থেকে অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনবার সামরিক শাসনের অধীনে ছিল। তিনবারই বেসামরিক সরকারকে সরিয়ে দেশে একনায়কের শাসন চলেছে।
আর সে বিষয়ে কথা বলতে গিয়েই মুশাররফ তার মতামত প্রকাশ করেছেন।
তিনি এও বলেছেন যে, দেশ যতক্ষণ সমৃদ্ধির পথে থাকে ততক্ষণ পর্যন্ত জনগণ দেশে কি ধরনের সরকার আছে তার কোনও তোয়াক্কা করে না।
“এশিয়ার সব দেশই একনায়কদের কারণেই উন্নতি করেছে” বলে দাবি করেন মুশাররফ।
