হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনায় অটল শন স্পাইসার
হোয়াইট হাউসের জনসংযোগ পরিচালক অ্যান্থনি স্কারমুচিকে বরখাস্তের পর শন স্পাইসার থেকে যেতে পারেন বলে যে জল্পনা ছড়িয়েছিল তা বাস্তব নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক উর্ধ্বতন কর্মকর্তা।
অগাস্টের শেষ দিকে হোয়াইট হাউস ছাড়ার বিষয়ে স্পাইসার এখনও পরিকল্পনা করে যাচ্ছেন বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রায় দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কারমুচিকে জনসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিলে প্রতিবাদে হোয়াইট হাউসের মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেন স্পাইসার।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, হোয়াইট হাউস পরবর্তী জীবনের জন্য স্পাইসার বিভিন্ন লাভজনক প্রস্তাব পাচ্ছেন এবং সেগুলোকে অত্যন্ত আকর্ষণীয় বিবেচনা করে হোয়াইট হাউস ছাড়বেন বলে মনস্থ করেছেন।
অপরদিকে নিজের পদে মাত্র ১০ দিন টিকে ছিলেন স্কারমুচি। হোয়াইট হাউসের তৎকালীন চিফ অব স্টাফ রাইনস প্রিবাস ও প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণে সোমবার তাকে বরখাস্ত করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত সপ্তাহে প্রিবাসের বিদায়ের পর তার স্থলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিজের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে নিয়োগ করেছেন ট্রাম্প।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিজ্ঞ সরকারি মুখপাত্র ডেভিড লাপানকে নিজের সঙ্গে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে জনসংযোগ পরিচালক করার বিষয়টি বিবেচনা করছেন কেলি।
