২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধরে নেওয়া হয়েছে’ ভেনেজুয়েলার বিরোধীদলীয় ২ শীর্ষ নেতাকে

ভেনেজুয়েলার বিরোধীদলীয় শীর্ষ নেতা লিওপোল্ডো লোপেজ ও আন্তোনিও লেদেজমাকে নিজেদের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Aug 2017, 02:04 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

মঙ্গলবার টুইটারে এ খবর জানিয়েছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা।

ধরে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত লোপেজ ও লেদেজমা নিজ নিজ বাসায় গৃহবন্দি অবস্থায় দিনযাপন করছিলেন।

লোপেজের স্ত্রী ও লেদেজমার কন্যা জানিয়েছেন, ওই দুজনের যে কোনো পরিণতির জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দায়ী থাকবেন।

গণপরিষদ নামে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন আইন প্রণয়নকারী একটি পরিষদ গঠন করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এই পরিষদ দেশটির সংবিধান সংস্কার করতে পারবে এবং বিরোধীদল-নিয়ন্ত্রিত জাতীয় পরিষদকে ভেঙে দিতে পারবে।

এই বিষয়কে কেন্দ্র করে গত কয়েকদিনে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গণবিক্ষোভে অংশ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন ওই দুই নেতা।   

মাদুরোর এই পদক্ষেপকে গণতান্ত্রিক স্বাধীনতার ওপর হামলা অভিহিত করে অনেক দেশ এর সমালোচনা করেছিল। 

Image
ভেনেজুয়েলার বিরোধীদলীয় অপর নেতা রাজধানী কারাকাসের মেয়র আন্তোনিও লেদেজমা। রয়টার্স ফাইল

ভেনেজুয়েলার বিরোধীদলীয় অপর নেতা রাজধানী কারাকাসের মেয়র আন্তোনিও লেদেজমা। রয়টার্স ফাইল

এর মধ্যেই রোববার এক নির্বাচনে নতুন গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন। বিরোধীদল এই নির্বাচন বর্জন করেছিল।

টুইটারে লোপেজের স্ত্রী লিলিয়ান তিনতোরি লিখেছেন, “রাত ১২টা ২৭ মিনিট: এই সময়েই আমার বাড়ি থেকে লিওপোল্ডোকে অপহরণ করেছে একনায়কতন্ত্র।”

এর সঙ্গে তিনি একটি ভিডিওর লিঙ্ক যুক্ত করে দিয়েছেন। ওই ভিডিওতে ‘সেবিন’ লেখা একটি গাড়িতে লোপেজের মতো একজনকে তুলতে দেখা গেছে। ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা নাম সেবিন।

২০১৪ সালে রাস্তায় রাস্তায় সরকারি বিরোধী বিক্ষোভের জন্য লোপেজকে তিন বছর কারাভোগ করতে হয়। এরপর তাকে গৃহবন্দি রাখার আদেশ দেয় আদালত। কারাগার থেকে তার মুক্তি ভেনেজুয়েলার রাজনৈতিক অচলাবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছিল।

লোপেজের আইনজীবী হুয়ান গুতিয়েরেজ টুইটারে লিখেছেন, “গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘন করার কোনো আইনি বৈধতা নেই।” 

অপরদিকে মাদুরোর বিরুদ্ধে একটি অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে কারাভোগের পর ২০১৫ সাল থেকে গৃহবন্দি ছিলেন লেদেজমা।