২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখে পাকিস্তানের মনোনীত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

পানামা পেপারস দুর্নীতি কেলেঙ্কারিতে পাকিস্তানে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্ব হারানো নিয়ে সংকটের মধ্যে এবার মনোনীত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে নিয়েও জটিলতায় পড়েছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 07:55 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

তরল প্রাকৃতিক গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তি নিয়ে ২২০০০ কোটি রুপি দুর্নীতির অভিযোগে আব্বাসি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) তদন্তের মুখোমুখি হয়েছেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

এনএবি’র নথি বলছে, ওই চুক্তিটি পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেটরি অথরিটির (পিপিআরএ) বিধি ও এ সংক্রান্ত আইনের এর লঙ্ঘন ছিল। 

‘দ্য ডন’ পত্রিকা জানিয়েছে, পাকিস্তানের সাবেক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী খাকান আব্বাসির বিরুদ্ধে ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে মামলা করে এনএবি। আব্বাসিই এ মামলার প্রধান অভিযুক্ত।

মামলার অন্য সন্দেহভাজনদের মধ্যে সাবেক পেট্রোলিয়াম সচিব আবিদ সায়িদ, ইন্টার স্টেট গ্যাস সিস্টেমসের (আইএসজিএস) ব্যবস্থাপনা পরিচালক মোবিন সউলুত, বেসরকারি প্রতিষ্ঠান এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক ও সুই সাউদার্ন গ্যাস কোম্পানির (এসএসজিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক জুহাইর আহমেদ সিদ্দিকি রয়েছেন।

নওয়াজ পদত্যাগ করায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসিকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল।

নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসির দায়িত্ব পালনের কথা রয়েছে। পার্লামেন্টে মঙ্গলবারই আব্বাসি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রশ্নের মুখে পড়লেন তিনি।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ২৯ জুলাই এনএবি আব্বাসির বিরুদ্ধে মামলা করলেও এটি এখনও তদন্তের পর্যায়ে আছে।

যদিও এনএবি চেয়ারম্যানের দাবি, তার নেওয়া নতুন কৌশলের আওতায় অভিযোগ যাচাই, তদন্ত এবং রেফারেন্স ফাইলের মতো বিষয়গুলো তৈরির প্রক্রিয়া ১০ মাসের মধ্যে শেষ করা হয়।

আব্বাসিসহ দুর্নীতি মামলার অন্য সব অভিযুক্তকেই পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞার (এক্সিট কন্ট্রোল লিস্ট- ‘ইসিএল’) তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশও রয়েছে বলে জানা গেছে এনএবি নথি থেকে।

তবে আব্বাসি বলেছেন, তার বিরুদ্ধে এ ধরনের কোনও পদক্ষেপকেই তিনি ভয় পান না। তিনি বলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগের তকমা লাগাচ্ছে তাদের নিজেদেরই আত্মনুসন্ধান করা উচিত এবং কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া উচিত।