প্রিবাসকে সরিয়ে কেলিকে চিফ অব স্টাফ বানালেন ট্রাম্প
নিয়োগের মাত্র ছয় মাসের মাথায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদ থেকে রাইনস প্রিবাসকে সরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার প্রিবাসের স্থলে অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে চিফ অব স্টাফ পদে নিয়োগ করেছেন তিনি।
ওই দিন বিকালে টুইটারে কেলির নিয়োগের কথা ঘোষণা করেন ট্রাম্প। এর একদিন আগে তার নতুন নিয়োগ করা জনসংযোগ বিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করার জন্য প্রিবাসকে অভিযুক্ত করেন।
মেরিন কর্পসের সাবেক চার তারকা জেনারেল ৬৭ বছর বয়সী কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন। সোমবার তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের কাজকর্মে আরো শৃঙ্খলা আনার লক্ষ্যে কেলিকে নিয়োগ দেওয়া হয়েছে।
সেখানে উপস্থিত সাংবাদিকরাও প্রিবাসের মধ্যে চাপে থাকার কোনো ইঙ্গিত লক্ষ্য করেননি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রিবাস সিএনএনকে বলেছেন, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন।
সিএনএনের উল্ফ বিল্টজারকে তিনি বলেছেন, “প্রেসিডেন্ট ভিন্ন পদ্ধতিতে এগোতে চাচ্ছেন।”
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জেনারেল কেলিকে বেছে নেওয়াকে ‘বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলে মন্তব্যও করেছেন তিনি।
