স্বাস্থ্যসেবা বিল ফের ব্যর্থ, রিপাবলিকান শিবিরে বিভক্তি
যুক্তরাষ্ট্রের সিনেটে ওবামাকেয়ারের স্থলে রিপাবলিকানদের আনা নতুন স্বাস্থ্যসেবা বিল পাসের চেষ্টা ফের ব্যর্থ হয়েছে। বিভক্ত হয়ে পড়েছেন কংগ্রেসের রিপাবলিকানরা।
প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ওবামাকেয়ার বাতিল করে দেওয়ারই আহ্বান জানাচ্ছেন। যাতে করে রিপাবলিকানরা একেবারে নতুন করে তাদের পরিকল্পনা নিয়ে এগুতে পারে।
কিন্তু মধ্যপন্থি রিপাবলিকানরা সাধারণ মানুষদের ওপর নতুন স্বাস্থ্যসেবা বিলের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আবার অন্যান্য রিপাবলিকানদের কেউ কেউ বিলটি নিয়ে দ্বিদলীয় প্রচেষ্টার পথে যাওয়ার পক্ষপাতি।
সোমবার রাতে সিনেটের দুই রিপাবলিকান প্রস্তাবিত স্বাস্থ্যসেবা বিলে ভোট দেওয়ার বিরোধিতা করলে বিলটি পাসের চেষ্টা ব্যর্থ হয়।
সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, “দুঃখজনকভাবে এটি এখন পরিষ্কার যে, ওবামাকেয়ারের ব্যর্থতা দূর করা কিংবা রাতারাতি এটিকে বদলে ফেলার চেষ্টা সফল হবে না।”
ট্রাম্প নির্বাচনের সময়ই ওবামাকেয়ার বাতিল করে এর জায়গায় নতুন একটি স্বাস্থ্যসেব পরিকল্পনা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওবামাকেয়ারের আওতায় স্বাস্থ্যসুরক্ষা পেয়েছে ২ কোটির বেশি মানুষ।
আর এখন রিপাবলিকানদের প্রস্তাবিত বিকল্প স্বাস্থ্যসেবায় ধনীদের ওপর ওবামাকেয়ারের নির্ধারিত কর একই রাখা হয়েছে। অন্যদিকে, গরিবদের স্বাস্থ্যসেবায় অনেক বেশি কাটছাঁট করা হয়েছে। তাছাড়া, বীমার আওতাও কমানো হয়েছে।
দুই রিপাবলিকান সিনেটর মাইক লি এবং জেরি মোরান এ স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট নন। মোরান বলেছেন, “আমরা একটি খারাপ নীতিতে ভোট দিতে পারি না।”
ওদিকে, অন্য আরও দুই রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবং সুসান কলিন্সও নতুন স্বাস্থ্যসেবার বিরোধিতা করেছেন।
এ পরিকল্পনায় ‘ওবামাকেয়ার কর’ বেশিই রাখা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পল। অন্যদিকে, কলিন্স গরিবদের জন্য মেডিকেইড সুবিধা কমানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাম্প এ মুহুর্তেই ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা বিল নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু ম্যাককনেল বলেছেন, তিনি দুইবছর দেরী করে স্বাস্থ্যসেবা বাস্তবায়নের বিধান রেখে ওবামাকেয়ার বাতিল করার পক্ষপাতি। যাতে নতুন ব্যবস্থা একটি স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে চালু হতে পারে।
সংবাদদাতারা বলছেন, এক স্বাস্থ্যসেবা থেকে আরেক স্বাস্থ্যসেবা চালু হওয়ার আগে মাঝের সময়টিতে অনেক মানুষ স্বাস্থ্যসেবা বিহীন থাকার কারণে রিপাবলিকানদের পরিকল্পনাটি পাসের সম্ভাবনা খুবই কম।
এ পরিস্থিতিতে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন নতুন স্বাস্থসেবা বিল তৈরিতে দ্বিদলীয় প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কংগ্রেসকে এখন নিয়মিত ধারায় অসতে হবে। শুনানি অনুষ্ঠান করতে হবে, দুই দলের সদস্যদের কাছ থেকেই এ পরিকল্পনার বিষয়ে মতামত পেতে হবে।
ডেমোক্র্যাটরা বলছে, তারা ওবামাকেয়ার বাতিলে সহায়তা করবে না। তবে এ স্বাস্থ্যসেবা পরিকল্পনাকে আরও উপযোগী করে তোলার ক্ষেত্রে তারা রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে পারে।
