২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে কাতারের চুক্তি যথেষ্ট নয়’

সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র-কাতার চুক্তি ‘যথেষ্ট’ নয় মন্তব্য করে কাতারকে বয়কটের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে সৌদি আরব নেতৃত্বধীন চার আরব দেশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2017, 11:46 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মঙ্গলবার দোহা সফরের সময় যে চুক্তি হয়েছে তা যথেষ্ট নয়।”

আগের কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে দেশগুলো বলেছে, “কাতার সরকারের ওপর আস্থা রাখা যায় না।”

সন্ত্রাসবাদে মদদ দিয়ে  আরব অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযোগে গত ৫ জুন কাতারের প্রতিবেশী ওই চার দেশ এবং ইয়েমেন দোহার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

যদিও কাতার সব অভিযোগ অস্বীকার করেছে।

গত ২৩ জুন চার আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করতে কাতারের কাছে ১৩টি শর্তের একটি তালিকা পাঠায়। ওই তালিকায় কাতারের অর্থায়নে পরিচালিত আল-জাজিরা টেলিভিশন বন্ধের পাশপাশি ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়।

কিন্তু তাদের ‘বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে’ বলে শর্ত মেনে নেওয়া হবে না জানিয়ে কাতার আলোচনার প্রস্তাব দেয়।

মঙ্গলবার দোহায় সফরে গিয়ে সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াতে কাতারের সঙ্গে চুক্তি সই করেন টিলারসন।

গত মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে ট্রাম্প যে প্রস্তাব দিয়েছিলেন তার ভিত্তিতে ওই সমঝোতা স্মারক প্রস্তুত করা হয়।

পরে দোহায় কাতারের আমির শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন ওই চুক্তির ঘোষণা দেন।

ওই দিনই রাতে সৌদি নেতৃত্বাধীন চার দেশ এক যৌথ বিবৃতিতে বলেছে, “যদিও আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের প্রশংসা করি, কিন্তু এখনও অনেক কিছু করা প্রয়োজন।”

“আমরা জোর দিয়ে বলতে চাই এ পদক্ষেপই যথেষ্ট নয়। সব ধরনের সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন, সমর্থন এবং পৃষ্ঠপোষকতা বন্ধে কাতার কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে আমরা তা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করব।”