আকাশপথে গরু আনছে কাতার
সৌদি আরব ও মিত্র আরব দেশগুলোর অবরোধের মধ্যে থাকা প্রতিবেশী দেশ কাতারে বিমানযোগে গরু নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, দুধের সরবরাহ অব্যাহত রাখতে জার্মানি থেকে চার হাজার হোলস্টাইন জাতের গরু আমদানি করছে কাতার। এর প্রথম চালানে ১৬৫টি গরু দেশটির রাজধানী দোহায় পৌঁছেছে।
মঙ্গলবার কাতার এয়ারওয়েজের এটি কার্গো বিমানে করে গরুগুলো বুদাপেস্ট হয়ে দোহা পৌঁছায়। গরুগুলোকে নতুনভাবে তৈরি করা একটি ডেয়ারি ফার্মে নিয়ে যাওয়া হয়েছে।
কাতারের ফার্ম পাওয়ার ইন্টারন্যাশনাল গরুগুলো আমদানি করেছে। সবগুলো গরু নিয়ে যাওয়ার পর সেগুলোর মাধ্যমে দেশটির চাহিদার ৩০ শতাংশ দুর্ধ সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন ফার্মটির চেয়ারম্যান মৌতাজ আল খাইয়াত।
সৌদি আরবের সঙ্গে স্থল সীমান্ত থাকা তিনদিকে সাগর বেষ্টিত দেশ কাতারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর আকাশ, সাগর ও স্থল পথে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে। জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগ তুলে ওই চারটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে, যে অভিযোগ অস্বীকার করেছে কাতার।
দেশটি তার ২৭ লাখ বাসিন্দার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমদানির ওপর নির্ভরশীল।
প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞা জারির আগে কাতারের বাজারে যে সব ডেয়ারি পণ্য পাওয়া যেত তা স্থলপথে সৌদি আরব হয়ে দেশটিতে প্রবেশ করত।
অবরোধের মধ্যে দেশটি নতুন বাণিজ্য পথে খাদ্যপণ্য আমদানির উদ্যোগ নিয়েছে। এরমধ্যে তুরস্ক থেকে দই এবং মরক্কো ও ইরান থেকে শুকনো খাদ্যপণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
