ভারতে গবাদি পশু জবাইয়ে নিষেধাজ্ঞা স্থগিত
ভারতে জবাইয়ের জন্য গবাদি পশু কেনাবেচা নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার ওপর তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর ফলে, আগামী তিন মাস জবাইয়ের জন্য গবাদি পশু কেনা-বেচায় আর কোনও সরকারি বাধা থাকল না।
মাংসের জন্য গবাদি পশু কেনাবেচা বন্ধ করতে গত ২৩ মে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। লক্ষ্য ছিল ‘অনিয়ন্ত্রিত এবং নজদারিবিহীন পশু বাণিজ্য প্রতিরোধ’ করা।
নিষেধাজ্ঞার আওতায় জবাইয়ের জন্য মহিষ, উট এবং গরু বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। এটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। নিষেধাজ্ঞার ফলে গত দু’মাসে যথেষ্ট লোকসান হয়েছে বলেও দাবি করেছে গোমাংস সরবরাহকারীরা।
আলোচনা-সমালোচনার মুখে গত ৩০ মে কেন্দ্রীয় সরকারের ওই নিষেধাজ্ঞার ওপর এক মাসের জন্য স্থগিতাদেশ জারি করে মাদ্রাজ হাইকোর্টও।
সেই রায়কেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে।েএর প্রেক্ষিতেই নিষেধাজ্ঞার ওপর তিন মাসের স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
নিষেধাজ্ঞা ভারতের মাংস ও চামড়া শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি জনজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গোটা দেশ জুড়ে রায় কার্যকরেরও নির্দেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি জগদীশ সিং খেহার বলেন, “আইনের কারণে জনগণের জীবনযাত্রা প্রভাবিত হওয়া উচিত হবে না।”
‘মুসলিম অল ইন্ডিয়া জামিয়াতুল কুরেশ অ্যাকশন কমিটি’র প্রধান আব্দুল ফাহিম কুরেশির পিটিশনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওই আদেশ দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “এ রায় আমাদের বিজয়।
বিবিসি জানায়, হয়ত ভারত সরকার এখন প্রস্তাবিত আইনে কিছু রদবদল করবে এবং অগাস্টের শেষ দিকে পুনরায় পার্লামেন্টে খসড়া প্রস্তাব উত্থাপন করবে।
হিন্দু সম্প্রদায়ে গরু পবিত্র পশু। যে কারণে হিন্দু অধ্যুষিত ভারতের অনেক রাজ্যে এরই মধ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর দেশটিতে গোহত্যা নিষিদ্ধে জোর করে নানা কর্মকাণ্ড শুরু হয়।
এমনকি গোরক্ষার নামে অহরহই মুসলিমদের উপর হামলার ঘটনাও ঘটছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। গো-রক্ষার নামে ওই সব হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
