সিরিয়ায় যুক্তরাষ্ট্র-রাশিয়ার আংশিক যুদ্ধবিরতি কার্যকর
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর হয়েছে।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এবং বিদ্রোহীদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্তৃত আকারে যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডান সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে সাময়িক যুদ্ধ বিরতি এবং যুদ্ধের তীব্রতা হ্রাস সম্পর্কিত এই চু্ক্তিতে উপনীত হয়।
ছয় বছরের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে।
জার্মানিতে জি-২০ সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মত মুখোমুখি বৈঠকের পর সিরিয়ায় যুদ্ধবিরতির এ ঘোষণা আসে।
অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় রোবববার দুপুর থেকে (০০:০৯ জিএমটি) সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে কোনো বিমান হামলা বা সংঘর্ষ হয়নি।
“এর অর্থ শান্তি কায়েম হচ্ছে।”
কিউনেইত্রা এলাকার বিদ্রোহী দল আলউইয়াত আল-ফুরকানের মুখপাত্র সুহাইব আল-রুহাইল বলেন, “পরিস্থিতি প্রায় শান্তই আছে।”
‘সন্তুষ্টির ভিত্তিতে’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও এই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছেন বলেই ইঙ্গিত দিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।
তিনি রয়টার্সকে বলেন, “যুদ্ধবিরতি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে এমন যেকোনও পদক্ষেপকেই আমরা স্বাগত জানাব।”
