২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের ছুটিতে শিকাগোতে গুলিবিদ্ধ ১০১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি চলাকালীন শিকাগোতে অন্তত ১০১ জন গুলিবিদ্ধ হয়েছে বলে শহরটির একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 11:20 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

বিবিসির খবরে বলা হয়, শিকাগো ট্রিবিউন জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চার দিনব্যাপী ছুটির মধ্যে মাত্র ১২ ঘন্টায় প্রায় অর্ধেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সবচেয়ে কমবয়সী গুলিবিদ্ধ ১৩ বছর বয়সী এক কিশোর এবং সবচেয়ে বেশি বয়সী ৬০ বছরের এক প্রবীণ।

প্রায় অর্ধেকের বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বুধবার ভোররাত সাড়ে ৩টার মধ্যে। দক্ষিণ ও পশ্চিম শিকাগোতেই অধিকাংশ ঘটনা ঘটেছে।

ইলিয়ন অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই শহরটিতে অপরাধী গোষ্ঠীগুলোর লড়াই নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে সহায়তা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের পাঠাবেন বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সহিংসতা বন্ধ করতে শিকাগো পুলিশ বিভাগ এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

স্বাধীনতা দিবসের ছুটির সময় ঘটা এসব ঘটনা নিয়ে চলতি বছর শিকাগোতে অন্ততপক্ষে ১,৮০০টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে