বিশ্বের যে কোনও জায়গাই ক্ষেপণাস্ত্রের নাগালে: উ. কোরিয়া
পরীক্ষামূলকভাবে ছোড়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনও জায়গায়ই আঘাত হানতে সক্ষম বলে রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় দাবি করেছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চল থেকে একটি ‘ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল’ (আইসিবিএস) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটিই তাদের দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা বলে দাবি করেছে দেশটি। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে বলা হয়, “উত্তর কোরিয়া এখন পূর্ণ-শক্তির পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ। আমরা এখন সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম।”
“এর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের হুমকি এবং ব্ল্যাকমেইল করার প্রবণতার ইতি টানতে পারব।”
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নিজে দাঁড়িয়ে থেকে হোয়াসং-১৪ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন বলেও জানানো হয়।
ক্ষেপণাস্ত্রটি ২,৮০২ কিলোমিটার উচ্চতায় উঠে মাত্র ৩৯ মিনিটের মধ্যে ৯৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে। এর আগে উত্তর কোরিয়ার কোনও ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চতায় ওঠেনি।
সেকারণে এবারের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে যে, পিয়ংইয়ং হয়ত যুক্তরাষ্ট্রের ভূখন্ডে আঘাত হানতেও সক্ষম হতে পারে।
যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দাবি, উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার ছিল এবং এটি উভয় দেশের কোনওটিতেই আঘাত হানতে পারবে না।
তবে উদ্বেগ প্রকাশ করেছে জাপান।
টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা বলেন, “উত্তর কোরিয়া জাপানের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা এ যাবতকালের সবচেয়ে দ্রুতগামী ছিল। ক্ষেপণাস্ত্রটি মাত্র চল্লিশ মিনিটে প্রায় ৯৩০ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের অর্থনৈতিক জোনে পড়ে। প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখছে।”
“এত দ্রুত ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে যে আমাদের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা দিয়ে তা থামানো কঠিন হয়ে গেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় ধরনের হুমকি।”
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্র প্রকল্পে বড় ধরণের অগ্রগতির দাবিও করেছে দেশটি।
তবে উত্তর কোরিয়ার দাবি যাই হোক; বিশেষজ্ঞদের বিশ্বাস, দেশটি এখনও আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়ে ওঠেনি। এ ধরনের ক্ষেপণাস্ত্র বহন উপযোগী পরমাণু ওয়ারহেডও তারা তৈরি করে উঠতে পারেনি।
