গ্রিনল্যান্ডে পানিতে ভেসে গিয়ে শিশুসহ নিহত ৪
চার মাত্রার এক বিরল ভূমিকম্পের পর গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে সমুদ্রের এক বিশাল ঢেউয়ে ঘরবাড়ি ভেসে গিয়ে শিশুসহ অন্তত চারজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ওই এলাকার প্রত্যন্ত উপকূলীয় গ্রাম নুগাতসিয়াকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ভূমিকম্পে পাহাড় ধসে সাগরে পড়া পাথরের কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ে গ্রামটি ভেসে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে এক শিশুসহ গ্রামটির চার বাসিন্দা নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ।
জরুরি বিভাগের ক্রুরা নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রাখলেও বুধবার পুলিশ জানিয়েছে, নিখোঁজ চারজন মারা গেছে বলে ধরে নিয়েছেন তারা।
ছবি: ফেইসবুক
এ ঘটনায় গ্রিনল্যান্ডের সরকারি ভবন ও জাহাজের পতাকাগুলো অর্ধনমিত থাকবে বলে ঘোষণা করেছেন ডেনমার্কের বিচারমন্ত্রী। স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড ডেনমার্ক রাষ্ট্রের একটি অংশ।
