২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হামলায় নৌবাহিনীর দুই কর্মকর্তা নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নৌবাহিনীর দুই কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 02:32 PM

Updated : 11 Apr 2022, 11:48 PM

সোমবার বেলুচিস্তানের গওয়াদর জেলায় জওয়ানি এলাকায় দুটি মোটরসাইকেল যোগে আসা বিচ্ছিন্নতাবাদীরা নৌবাহিনীর কর্মকর্তাদের বহনকারী গাড়িটিতে হামলা চালায় বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ, খবর দ্য ডন ও বার্তা সংস্থা রয়টার্সের।

ঘটনাস্থলটি চীনা বিনিয়োগে নির্মাণাধীন গওয়াদর সমুদ্র বন্দর থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হাফিজ বালুচ জানিয়েছেন, জওয়ানি শহর থেকে ইফতার নিয়ে নিজেদের নৌঘাঁটিতে ফেরার সময় ওই সামরিক কর্মকর্তাদের বহনকারী গাড়িটি চোরাগোপ্তা হামলার শিকার হয়। হামলায় চার বিচ্ছিন্নতাবাদী অংশ নেয় বলে জানিয়েছেন তিনি।

বালুচ বলেন, “হামলাকারীদের নির্বিচার গুলিবর্ষণে একজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান।”

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) এক মুখপাত্র হামলায় দায় স্বীকার করেছে।

আহতদের করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে।

প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্রতম প্রদেশই রয়ে গেছে। রাষ্ট্র তাদের ভূমি ও সম্পদের অধিকার গ্রহণ করে নিলেও জীবনমানের কোনো উন্নয়ন ঘটায়নি অভিযোগ করে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী লড়াই চালিয়ে আসছে প্রদেশটির বিদ্রোহীরা।

বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরাও ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত থাকা বেলুচিস্তানে তৎপর রয়েছে।

গত মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে দুই চীনা নাগরিককে অপহরণের পর হত্যা করে আইএস।