সন্দেহজনক কথাবার্তা: ইজিজেটের জরুরি অবতরণ
সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট 'সন্দেহজনক কথাবার্তা' শুনে স্লোভেনিয়া থেকে যুক্তরাজ্যগামী একটি বিমানের চালক জার্মানির কোলনে জরুরি অবতরণ করেছেন।
স্থানীয় সময় শনিবার বিকালে লুবানা থেকে অ্যাসেক্সগামী ইজিজেট বিমানের চালক কোলনে নামে বলে কোলন-বন বিমানবন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। এরপর বিমানটির ১৫১ যাত্রীকে সরিয়ে নেয়া হয়।
কোলন-বন বিমানবন্দরের মুখপাত্র জানান, চলন্ত অবস্থায় কয়েক যাত্রীর মুখে সন্ত্রাসী হামলা বিষয়ক কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় যাত্রাপথ বদলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন চালক।
কোলন পুলিশ জানিয়েছে, অন্য যাত্রীরাও বিমানের ক্রুদেরকে আটক তিনজনের সন্দেহজনক কথাবার্তার বিষয়ে সতর্ক করেছিল।
যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানটির সব ব্যাগেজ পরীক্ষা করা হয়; এরমধ্যে আটক যাত্রীদের একজনের একটি ব্যাগে পুলিশ 'নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
ঘটনা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানায়নি তারা।
আটকদের পরিচয়, বিস্ফোরণ ঘটানো ব্যাগে কি ছিল সে সম্বন্ধেও কিছু জানা যায়নি।
ইজিজেট কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণ করা বিমান রোববার সকালে গন্তব্যে রওনা হবে। সে পর্যন্ত যাত্রীদের একটি হোটেলে রাখা হবে।
