২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল: তেমেরের পক্ষে সাংবিধানিক আদালতের রায়

ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমেরকে ২০১৪ সালের নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 03:35 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

এর ফলে প্রেসিডেন্ট পদে থেকে যেতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগে সাংবিধানিক আদালতে তেমেরের বিচার হয়।

ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়ী দিলমা রৌসেফ গতবছর দুর্নীতির দায়ে অভিশংসিত হলে তার রানিং মেট তেমের ব্রাজিলের প্রেসিডেন্ট হন।

প্রেসিডেন্ট হওয়ার পর তেমেরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠে। বর্তমানে বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

২০১৪ সালে রৌসেফ-তেমের প্রচারণার সময় অনুদান হিসেবে অবৈধ অর্থ নিয়েছিল কী না, তা খুঁজছিলেন সাংবিধানিক আদালতের বিচারকরা । শেষ পর্যন্ত অভিযোগটি প্রমাণিত না হওয়ায় পদচ্যুতির হাত থেকে বাঁচলেন তেমের। অভিযোগ প্রমাণিত হলে সাবেক প্রেসিডেন্ট রৌসেফও বিপদে পড়তেন।

প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হলেও এখনও রাজনীতি চালিয়ে যেতে পারছেন রৌসেফ; সাংবিধানিক আদালতের রায় বিপক্ষে গেলে সেই অধিকারও হারাতে হতো তাকে।

বিবিসি জানায়, সাংবিধানিক আদালতের সাত বিচারকের চারজন অভিযোগের বিপক্ষে রায় দেন। তেমেরের অভিশংসনের পক্ষ ছিলেন তিনজন।

বিচারকদের একজন পরে সাংবাদিকদের বলেন, এই বিচারে বোঝা গেল দেশে এমন এক ব্যবস্থা চলছে, যার মাধ্যমে অজ্ঞাত অনুদান বা ঘুষ কাউকে নির্বাচনে জিততে সহায়তা করতে পারে।

“অভিযুক্তদের প্রার্থীতা বাতিলে এগুলোই যথেষ্ট ছিল,” স্থানীয় এক টেলিভিশনে এমনটাই বলেন বিচারক হারমান বেনজামিন। তেমের-রৌসেফ দুজনের বিপক্ষেই রায় ছিল হারমানের।

এরা দুজন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ করেছেন বলে মন্তব্য করেন সাংবিধানিক আদালতের এই র‌্যাপোর্টিয়ার। 

সংখ্যাগরিষ্ঠ বিচারক অবশ্য হারমানের সঙ্গে একমত ছিলেন না; তাদের অনেকেই জানান, রাজনৈতিক দলগুলো অবৈধ অর্থ ব্যবহার করে সেসব তাদের নির্বাচনের প্রচারণায় খরচ করেছে এমন প্রমান পাওয়া যায় নি।

গত কয়েক বছর ধরে ব্রাজিলের রাজনীতি তীব্র সঙ্কটকাল অতিক্রম করছে; দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।