২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার নেপথ্যে সৌদি আরব: দাবি ইরানের

ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে জোড়া হামলার নেপথ্যে আছে সৌদি আরব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jun 2017, 12:01 AM

Updated : 11 Apr 2022, 11:44 PM

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এ বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সন্ত্রাসীদের সমর্থনকারী (সৌদি আরবের) পশ্চাৎপসরণশীল নেতাদের মধ্যে বৈঠকের মাত্র এক সপ্তাহ পরই এ সন্ত্রাসী হামলা হয়েছে। আর ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করাতেই প্রমাণ হয় যে, তারা এ নির্মম হামলায় জড়িত ছিল।”

বুধবার সকালের ওই হামলায় অন্তত ১২জন নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। আইএস হামলার দায় স্বীকার করে পার্লামেন্টের ভেতরে বন্দুকধারীদের একটি ভিডিও প্রকাশ করেছে।

কঠোর অনুশাসনের শিয়া মুসলিম প্রধান দেশ ইরানে আইএস এর হামলার দায় স্বীকার এটিই প্রথম। আইএস বলেছে, তাদের ৫ যোদ্ধা পার্লামেন্ট এবং মাজারে ঢুকে গুলি এবং গ্রেনেড হামলা চালায়।

আইএসের বিবৃতিতে আরও বলা হয়, ইরানে শরিয়া আইন চালু না হওয়া পর্যন্ত “খিলাফত সেখানকার শিয়া মুসলিমদের রক্ত ঝরানোর একটি সুযোগও ছাড়বে না।”

আইএস শিয়া মুসলিমদেরকে স্বধর্মত্যাগী হিসাবেই দেখে এবং ইরাক ও সিরিয়ায় তারা ইরান-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সেখানে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর জটিলতা আরও বাড়িয়েছে।

তার এ সফরের পরই সৌদি আরব এবং এর আরও কয়েকটি সুন্নি আরব মিত্রদেশ কাতারকে একঘরে করতে একজোট হয়েছে। পারস্য উপসাগরে কাতারই ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একমাত্র দেশ।

ফলে তেহরানে হামলার নেপথ্যে ইরানের সন্দেহের তীরটাও সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের দিকেই গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বুধবার হামলার নেপথ্যে এ দু’দেশ জড়িত থাকার অভিযোগ করার পাশাপাশি এর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, “বিপ্লবী গার্ড সবসময়ই প্রমাণ করেছে যে, তারা কখনও প্রতিশোধ না নিয়ে নির্দোষ মানুষের রক্ত ঝরতে দেবে না।”

ইরানে হামলার প্রভাবে যা হতে পারে: 

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক দীনা এফানডায়ারি বলেছেন, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে কট্টরপন্থিরা ইরাক এবং সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আরও সোচ্চার হবে।

ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যপারে জনসমর্থনও আরও বাড়ার সম্ভাবনা আছে। ঠিক যেমনটি হয়েছিল ২০১৪ সালে আইএস ইরাকের বিশাল এলাকা দখল করে নেওয়ার পর।

তবে সিরিয়ার লড়াইয়ে ইরানের জড়িত থাকাটা হালে তেমন পানি পায়নি। বিশ্লেষকের দৃষ্টিতে, তাদের এ লড়াইয়ে যতটুকু উপকার হচ্ছে তার চেয়ে ইরানি প্রাণ ঝরে যাচ্ছে অনেক বেশি।

কিন্তু সিরিয়ার লড়াইয়ে ইরান সুবিধা করতে না পারলেও আইএসের হামলার ফলে এখন ইরানে জাতির সুরক্ষার ধারক হিসাবে পরিচিত বিপ্লবী গার্ড বাহিনীর জনপ্রিয়তা বাড়বে।