লন্ডনে হামলাকারী দুইজনের নাম জানিয়েছে পুলিশ
লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় শনিবার রাতে সন্ত্রাসী হামলা চালানো দুইজনের নাম জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ বলছে, একজনের নাম খুরাম বাট। বয়স ২৭। সে পূর্ব লন্ডনের বার্কিং এলাকার অধিবাসী।
তাকে পুলিশ চিনত এবং গোয়েন্দা সংস্থা এমআইফাইভের কাছেও পরিচিত ছিল। তবে তার হামলা চালানোর ব্যাপারে কোনও গোয়েন্দা তথ্য ছিল না।
অপর হামলাকারীর নাম রশীদ রেদোয়ান। বয়স ৩০। সেও বার্কিং এলাকার।
খুরাম এবং রশীদের সঙ্গে আরও একজন হামলাকারী ওই দিন তাণ্ডব চালানোর পর পুলিশের গুলিতে নিহত হয়।
সাধারণ নির্বাচনের মাত্র চারদিন আগে গত শনিবার রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দেওয়ার পর ছুরি হাতে সাধারণ মানুষের ওপর চড়াও হয় তিন হামলাকারী। এতে সাতজন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়।
মেট্রোপলিটন পুলিশ বলছে, খুরাম বাট পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ। অন্যদিকে, রশীদ রেদোয়ান মরোক্কো-লিবীয় বংশোদ্ভুত।
পুলিশের এসিসটেন্ট কমান্ডার মার্ক রাউলি বলেন, খুরাম বাটের বিরুদ্ধে দু’বছর আগে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এ হামলার পরিকল্পনা সম্পর্কে কোনও গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, “এখন তাদের সম্পর্কে আরও ভাল করে জানার জন্য কাজ চলছে। কাদের সাথে তাদের যোগাযোগ ছিল বা তাদেরকে কেউ সহযোগিতা করেছে কিনা কিংবা সমর্থন দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
হামলার পর গ্রেপ্তার হওয়া ৬ নারী ও চার পুরুষকে এখনও জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
