লন্ডন হামলার দায় স্বীকার করেছে আইএস
লন্ডনে শনিবার রাতের হামলায় ৭ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
গোষ্ঠীটির বার্তা সংস্থা আমাক রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আইএস যোদ্ধারা বিচ্ছিন্নভাবে লন্ডনে হামলাটি চালিয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারা মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
তিনমাসেরও কম সময়ের মধ্যে এটি ব্রিটেনে তৃতীয় জঙ্গি হামলা।
সিরিয়া এবং ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের লড়াইয়ে পরাজয়ের মুখে থাকা আইএস শনিবার সকালের দিকে এক বার্তায় এর অনুসারীদেরকে রমজান মাসে ট্রাক, ছুরি এবং বন্দুক নিয়ে ক্রুসেডার বিরুদ্ধে হামলা চালানোর ডাক দেয়।
আইএস এর আনুগত্য স্বীকার করা ইসলামপন্থি জঙ্গিরাসহ অন্যান্য বহু মানুষই গত দুইবছরে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং যুক্তরাষ্ট্রে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়েছে।
