মিশরে বাসে বন্দুকধারীর গুলি, ২৮ কপটিক খ্রিস্টান নিহত
মিশরে মধ্যাঞ্চলে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত ২৮ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাসটি যাত্রীদের নিয়ে একটি চার্চে যাওয়ার পথে কায়রোর ১৫৫ মাইল দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
মুখোশ পরা বন্দুকধারীরা খ্রিস্টানদের থামিয়ে তাদেরকে গুলি করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
গত কয়েক মাসে মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবারের হামলার পর মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। জিহাদিদের মোকাবেলায় যা কিছু প্রয়োজন তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কপটিক খ্রিস্টান কারা?
‘কপটিক অর্থডক্স চার্চ’ মিশরে খ্রিস্টানদের প্রধান গির্জা। কপটসরা বেশিরভাগ মিশরের অধিবাসী হলেও দেশের বাইরে গির্জার প্রায় ১০ লাখ সদস্য রয়েছে।
কপটিক গির্জার নিজস্ব গির্জাপিতা বা পোপ রয়েছে, যারা সেইন্ট মার্কের উত্তরসূরী হিসেবে বিবেচিত হন। পবিত্র ভূমির বাইরে এরাই সবচেয়ে প্রাচীন খ্রিস্টান গোষ্ঠী।
রোমান সাম্রাজ্যে এই চার্চকেন্দ্রীক খ্রিস্টানরা নিধনের শিকার হয়েছিল। মিশর মুসলিম দেশ হওয়ার পরও তা চালু থাকে, যা এখনো চলছে বলে অনেকে মনে করেন।
