এভারেস্ট শিখরের বিখ্যাত হিলারি স্টেপ ধসে গেছে
বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের হিলারি স্টেপ নামের বিখ্যাত অংশটি ধসে গেছে বলে নিশ্চিত করেছেন পর্বতারোহীরা।
২০১৫ সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের কারণে হিলারি স্টেপটি ধসে পড়েছে বলে ধারণা করছেন তারা, জানিয়েছে বিবিসি।
এতে হিমালয় পর্বতের সর্বোচ্চ এই শিখরটিতে আরোহণ পর্বতারোহীদের জন্য সম্ভবত আরো বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
পর্বতটির দক্ষিণ-পূর্ব অংশের প্রায় খাড়া ১২ মিটারের (৩৯ ফুট) এই বর্ধিতাংশটিকে চূড়ায় ওঠার আগে সর্বশেষ বড় ধরনের বাধা হিসেবে বিবেচনা করা হতো।
১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গ জয় করা পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারির নামে এই অংশটির নাম রাখা হয়েছিল।
ব্রিটিশ পর্বতারোহী ও অভিযাত্রী দলনেতা টিম মোসেডালে ১৬ মে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর পর হিলারি স্টেপ ধসে পড়ার সংবাদটি নিশ্চিত করেছেন।
ফেইসবুকে তিনি লিখেছেন, “এটা সরকারিভাবে স্বীকৃত, হিলারি স্টেপ আর নেই।”
২০১৬ সালের মে-তে আমেরিকান হিমালয় ফাউন্ডেশন দেখিয়েছিল, হিলার স্টেপের জায়গায় টুকরো টুকরো পাথর পড়ে আছে। কিন্তু তুষারে ঢাকা থাকায় এতদিন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ফেইসবুকে মোসেডালে লিখেছেন, “গত বছরই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল, আর গত বছরও আমি ওই শিখরে আরোহণ করেছিলাম, কিন্তু তখন আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি কারণ ওই এলাকাটি তুষারে ঢাকা ছিল।
“এই বছর আমি বলতে পারি, ওই পাথরের চাঙরটি যাকে ‘হিলারি স্টেপ’ নাম দেওয়া হয়েছিল নিশ্চিতভাবেই সেখানে আর নেই।”
কুখ্যাত পাথরের ওই চাঙরটি বের হয়ে থাকার চেয়ে সেটি তুষারে ঢাকা থাকলে চূড়ায় পৌঁছানো অনেক সহজ হয় বলে জানিয়েছেন পর্বতারোহীরা।
