২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করা ম্যানিং কারামুক্ত

উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেওয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত মার্কিন সেনা চেলসি ম্যানিং মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 08:33 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

বিবিসি’কে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চেলসি ম্যানিং কানসাসের ফোর্ট লিভেনওর্থ সামরিক কারাগার ছেড়ে গেছেন।

২০১৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত ম্যানিংকে দোষী সাব্যস্ত করে ৩৫ বছরের কারাদণ্ড দেয়। ওই সময় তিনি ব্রাডলি ম্যানিং নামে পরিচিত ছিলেন।

কিন্তু কারাদণ্ডাদেশ ঘোষণার একদিনের মাথায় এক বিবৃতিতে তিনি নিজেকে নারী বলে দাবি করেন এবং বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে পার করে যেতে চান বলে জানান।

কারাগারে হরমোন চিকিৎসাও চান ম্যানিং।

পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে রাখা ম্যানিং সেখানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও  জানা গেছে।

এ বছর জানুয়ারিতে বিদায় নেওয়ার মাত্র তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যানিংয়ের সাজার মেয়াদ কমিয়ে সাত বছর করেন।

যে কারণে ম্যানিংয়ের মুক্তির তারিখ ১৭ মে নির্ধারিত হয়। পুরো দণ্ড ভোগ করতে হলে ম্যানিং ২০৪৫ সালের আগে মুক্তি পেতেন না।

সোমবার এক টুইটে ম্যানিং বলেন, “বেসামরিক নাগরিকের স্বাধীন জীবন পেতে আরও দুই দিন বাকি। এখন অন্যান্য লাখ লাখ আমেরিকানের মত ব্যক্তিগত স্বাস্থ্যসেবা খুঁজছি।”

কারাগার থেকে মুক্তি পেলেও সামারিক আদালতে তার দণ্ডাদেশ নিয়ে আপিল আবেদনের শুনানি এখনও চলছে। যতদিন পর্যন্ত এই শুনানি চলবে ততদিন ম্যানিং সেনাবাহিনীর সদস্য থাকবেন।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই সময়ে ম্যানিং স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। কিন্তু কোনো বেতন পাবেন না।

যদি ম্যানিংয়ের আপিল আবেদন খারিজ হয়ে যায় তবে তাকে অসম্মানের সঙ্গে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হবে, জানান ওই সেনা কর্মকর্তা।

কারাগার থেকে মুক্তির পর ম্যানিংয়ের জীবনযাপনের ব্যয় বহনে তহবিল সংগ্রহের জন্য তার আইনজীবী আনলাইনে প্রচার চালান। এরই মধ্যে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গ্রেপ্তারের সময় ২৫ বছর বয়সী ম্যানিং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন ‘প্রাইভেট ফার্স্ট ক্লাস’ ছিলেন। ২০১০ সালে ইরাকে দায়িত্ব পালনের সময় তিনি যুক্তরাষ্ট্রের ৭ লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিকস ওয়েবসাইটকে দেন।

ম্যানিং দোষী

ম্যানিংয়ের বিরুদ্ধে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের যে অভিযোগগুলো আনা হয়েছিল তার মধ্যে ১৯টি অভিযোগে তিনি দোষীসাব্যস্ত হন। তবে রাষ্ট্রের শত্রুকে সাহায্য করার সবচেয়ে গুরুতর অভিযোগে তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল।

২০১৩ সালের অগাস্টে ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

যদিও ‘মুখোশ উন্মোচনের’ জন্য যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার গোষ্ঠী ওই বছর নোবেল শান্তি পুরস্কারের প্রার্থীর তালিকায় ম্যানিংয়ের নাম রাখার দাবি করেছিল।

আমি নারী

কারাদণ্ডাদেশ ঘোষণার একদিনের মাথায় এক বিবৃতিতে নিজেকে নারী বলে দাবি করেন ম্যানিং এবং বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে পার করার ইচ্ছা প্রকাশ করেন।

ওই সময় যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজে দেওয়া এক বিবৃতিতে ম্যানিং বলেন, নিজের ভেতরে মেয়েলিভাব ছোটবেলা থেকেই অনুভব করছিলেন তিনি।

“যেহেতু আমি আমার জীবনের দ্বিতীয় এই পর্যায়টিতে উপনীত হচ্ছি, তাই আমি সবার কাছে আমার প্রকৃতি পরিচয়টি প্রকাশ করতে চাই। আমি হচ্ছি চেলসি ম্যানিং, আমি একজন নারী।”

তাকে চেলসি নামে ডাকতে এবং সর্বনাম হিসেবে স্ত্রী বাচক শব্দ ব্যবহারের অনুরোধও জানান তিনি।

আত্মহত্যার চেষ্টা

২০১৬ সালের জুলাইয়ে কারাগারে ম্যানিং আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী।

ম্যানিংয়ের আইনি পরামর্শক দল এক বিবৃতিতে বলেছিলেন, “নিজের জীবনের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চেলসি। তিনি তার চিকিৎসার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগতই রাখতে চান, তার সুস্থ হয়ে ওঠার বিষয়টিও প্রকাশ করতে চান না।”

সাজার মেয়াদ কমেছে

২০১৭ সালের জানুয়ারিতে বিদায় নেওয়ার মাত্র তিনদিন আগে বারাক ওবামা ম্যানিংয়ের সাজা ৩৫ বছর থেকে কমিয়ে সাত বছর করেন।

ওবামা বলেন, ম্যানিং বিচারের মুখোমুখি হয়েছেন, নিজের কৃতকর্মের দায়িত্ব নিয়েছেন এবং অন্যান্য গোপনতথ্য ফাঁসকারীদের তুলনায় তার দণ্ড সামঞ্জস্যপূর্ণ হয়নি, এসব বিবেচনায় ম্যানিংয়ের দণ্ড হ্রাস সঠিক হয়েছে।

তিনি বলেন, “ন্যায়বিচার হওয়ায় আমি খুব স্বস্তি অনুভব করছি।”

যদিও রিপাবলিকানকরা ওবামার ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছিলেন, এর মাধ্যমে দণ্ড হ্রাস করে গোপনীয়তা ফাঁসকারীদের পক্ষে ‘ভয়াবহ নজির’ স্থাপন করা হল।

পুরনো খবর:

ম্যানিংয়ের সাজা হ্রাসে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: ওবামা